অক্টোবর ৪, ২০২৫, ০৯:০৭ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করে ‘আসল শিবির হইলো আমার মা, বাড়ি এলেই জোর করে বোরকা পরায়’ ক্যাপশনটি লেখেন, যা নিয়ে ক্যাম্পাস এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
শুক্রবার (০৩ অক্টোবর) তাঁর পোস্টটি নজরে আসে অনেকের। ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হওয়ার কারণে জুমা এমনিতেই বেশ আলোচিত ছিলেন। এবার বোরকা পরিধান নিয়ে তাঁর মায়ের বিষয়ে করা এমন মন্তব্য তাঁকে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এলো।
ডাকসু নির্বাচনে ফাতিমা তাসনিম জুমা তাঁর ব্যতিক্রমী বক্তব্যের মাধ্যমে সবার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর করা বিভিন্ন পোস্ট জন্ম দিয়েছে আলোচনার। গত ২০ সেপ্টেম্বর ভয়েস অব ওয়াশিংটনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,
"আমি সমান অধিকারে বিশ্বাসী না, আমি নায্য অধিকারে বিশ্বাসী। যেখানেই আমি বেশি পাই, সেখানে আমি বেশি চাই এবং যেখানে আমি কম পাই সেখানে আমার কমটা গ্রহণ করতে হবে।" এই বক্তব্যও তখন বেশ সাড়া ফেলেছিল।
জুমা ডাকসুর গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ার পর থেকে তাঁর রাজনৈতিক আদর্শ এবং ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ ছিল অনেকের। এবার বোরকা পরিধানের বিষয়টি নিয়ে মায়ের সঙ্গে তাঁর আপাত ভিন্নমতের এই প্রকাশ ক্যাম্পাসের প্রগতিশীল ও রক্ষণশীল উভয় ধারার শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া তৈরি করেছে।
অনেক শিক্ষার্থী মনে করছেন, তাঁর এই পোস্ট ব্যক্তিগত জীবনের একটি দিক তুলে ধরলেও, এটি ছাত্ররাজনীতিতে তাঁর অবস্থানকে আরও স্পষ্ট করে তুলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন