সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

এমবিবিএস ভর্তি পরীক্ষায় আসছে বড় পরিবর্তন, চূড়ান্ত তারিখ ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৮, ২০২৫, ০৪:৪৫ পিএম

এমবিবিএস ভর্তি পরীক্ষায় আসছে বড় পরিবর্তন, চূড়ান্ত তারিখ ঘোষণা

ছবি - সংগৃহীত

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। প্রচলিত বহুনির্বাচনী প্রশ্নের (এমসিকিউ) পাশাপাশি এবার প্রথমবারের মতো লিখিত অংশেরও উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের। একই সঙ্গে পরীক্ষার চূড়ান্ত তারিখও ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১২ ডিসেম্বর, শুক্রবার, সারাদেশে একযোগে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জানান, “আগামী ১২ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, এটি চূড়ান্ত করা হয়েছে। ভর্তি পরীক্ষায় এবার সীমিত পরিসরে একটি লিখিত অংশ যুক্ত হচ্ছে। এতে ১০ থেকে ২০ নম্বরের প্রশ্ন থাকতে পারে, তবে বিষয়টি চূড়ান্ত করবে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।”

গত সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হয়। দীর্ঘদিন ধরে শুধুমাত্র এমসিকিউ পদ্ধতির ওপর ভিত্তি করে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছিল। কোচিং সেন্টার নির্ভরতা কমানো এবং শিক্ষার্থীদের মেধার সঠিক মূল্যায়নের লক্ষ্যে লিখিত অংশ যুক্ত করার এই সিদ্ধান্তকে শিক্ষা সংশ্লিষ্টরা একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।

স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তর জানিয়েছে, পরীক্ষার প্রায় দেড় মাস আগে ভর্তির আবেদন প্রক্রিয়া, সময়সূচি এবং অন্যান্য বিস্তারিত নির্দেশনা  একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।