অক্টোবর ৮, ২০২৫, ০৭:০৩ পিএম
আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে সামনে রেখে ৮ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (৮ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থীরা এই ইশতেহার তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়, জিএস প্রার্থী মো. শাফায়াত হোসেন এবং এজিএস প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে তাদের বিস্তারিত কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, “বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো রাতারাতি সমাধান করা সম্ভব নয়। তবে আমরা আমাদের ইশতেহারে শিক্ষার্থীদের বাস্তব সমস্যাগুলোকেই তুলে ধরেছি।
আমরা নির্বাচিত হলে এক বছরের মধ্যে যতটুকু সম্ভব, ততটুকু বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব।”ছাত্রদলের ৮ দফা ইশতেহারের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে—শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে একটি আধুনিক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা, শিক্ষার্থীদের জন্য মানসম্মত খাদ্য ও নিরাপদ আবাসন নিশ্চিত করা,
পরিবহন সংকট নিরসন, স্বাস্থ্যসম্মত পরিবেশ ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস ও স্বাস্থ্য সুরক্ষা এবং ক্যারিয়ার উন্নয়নে দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন