সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

তিন যুগ পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৫, ২০২৫, ০৯:২১ এএম

তিন যুগ পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু

ছবি - সংগৃহীত

দীর্ঘ তিন যুগেরও বেশি সময়ের প্রতীক্ষার অবসান ঘটিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ভবনে স্থাপিত ১৫টি কেন্দ্রে একযোগে এই ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে।১৯৯০ সালের পর এই প্রথম চাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ক্যাম্পাসে দুই হাজারের বেশি পুলিশ সদস্যের পাশাপাশি র‍্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। পরিচয়পত্র ছাড়া ক্যাম্পাসে প্রবেশাধিকার কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, এবারের নির্বাচন ওএমআর (OMR) ব্যালট পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে এবং প্রতিটি ব্যালট পেপারে জালিয়াতি রোধে বিশেষ নিরাপত্তা কোড ব্যবহার করা হয়েছে।এবারের নির্বাচনে চাকসুর কেন্দ্রীয় ২৬টি পদের জন্য বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র থেকে মোট ২৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সর্বমোট ২৭ হাজার ৫১৬ জন শিক্ষার্থী তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার জন্য ভোট দেবেন।

ভোটগ্রহণ শেষে আজ রাতেই ফলাফল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। দীর্ঘ সময় পর অনুষ্ঠিত এই নির্বাচনকে ঘিরে শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের মধ্যেই ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা কাজ করছে।