অক্টোবর ১৫, ২০২৫, ১০:০১ এএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহিয়া আক্তার বলেছেন, “আমাদের আসল শক্তি আমাদের ত্রিশ হাজার শিক্ষার্থী। তারাই এই নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করবে।”বুধবার (১৫ অক্টোবর) সকালে চাকসু নির্বাচনের ভোটকেন্দ্র পরিদর্শনকালে বিজ্ঞান অনুষদের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
দীর্ঘ ৩৬ বছর পর আয়োজিত এই নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে বিরাজমান উৎসবমুখর পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে উপাচার্য বলেন, “সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রগুলোর সামনে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। শিক্ষার্থীরা অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে।”
তিনি আরও বলেন, “গত ১৫ বছরের নির্বাচনহীনতার সংস্কৃতি আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাঙতে চলেছে। কারণ এই প্রজন্মের শিক্ষার্থীরা কেউই তাদের জীবনে কোনো সুষ্ঠু ভোটে অংশ নিতে পারেনি। তাই সবার মধ্যে ভোট দেওয়ার তীব্র আকাঙ্ক্ষা রয়েছে।”এ সময় উপাচার্য এখনো যারা ভোটকেন্দ্রে আসেননি, তাদের দ্রুততম সময়ের মধ্যে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করার জন্য আহ্বান জানান।
উল্লেখ্য, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আজ সকাল ৯টা থেকে চাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে, যা একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন