সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

চাকসু নির্বাচনে কারচুপি? পাল্টাপাল্টি অভিযোগে শিবির-ছাত্রদল

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৫, ২০২৫, ০৮:৪২ পিএম

চাকসু নির্বাচনে কারচুপি? পাল্টাপাল্টি অভিযোগে শিবির-ছাত্রদল

ছবি - সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র করে ক্যাম্পাসে তীব্র উত্তেজনা বিরাজ করছে। নির্বাচনে অনিয়ম ও প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেল।

বুধবার (১৫ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে শিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোটের’ ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি অভিযোগ করেন, "আইডি ভবনের ২১৪ নম্বর কক্ষে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়াই ১০-১৫টি ব্যালট পেপার বক্সে পাওয়া গেছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে।" তিনি আরও বলেন, ভোটের সময় আলাউল হলে ছাত্রদলের প্রার্থী ও বহিরাগতদের উপস্থিতি, ব্যবসায় প্রশাসন অনুষদে এক ছাত্রীর ভোট দিতে না পারা এবং ভোট শেষে ছাত্রদলের কর্মীদের বিশৃঙ্খল আচরণের সময় প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।

অন্যদিকে, ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন পাল্টা অভিযোগে বলেন, "ভোট গণনার ঠিক আগে শিবিরের বহিরাগত ক্যাডাররা আমাদের কর্মীদের ওপর হামলার চেষ্টা করে সুষ্ঠু পরিবেশ নষ্ট করেছে।"

উভয় পক্ষই ভোট গণনা চলাকালে বিভিন্ন কেন্দ্রের এলইডি মনিটর বারবার বন্ধ হয়ে যাওয়ায় ফলাফল নিয়ে সন্দেহ ও শঙ্কা প্রকাশ করেছে।

ছাত্রদলের প্রার্থী সাজ্জাদ হোসেন জানান, তারা পূর্ণাঙ্গ ফল প্রকাশের পর শিক্ষার্থীদের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

এদিকে, দুই ছাত্র সংগঠনের পাল্টাপাল্টি অভিযোগে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন সব অভিযোগকে 'ভিত্তিহীন' বলে দাবি করেছে।