সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

চাকসুর ভোট গণনা নিয়ে উত্তেজনা, মুখোমুখি অবস্থানে শিবির–ছাত্রদল

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৫, ২০২৫, ১০:৩৯ পিএম

চাকসুর ভোট গণনা নিয়ে উত্তেজনা, মুখোমুখি অবস্থানে শিবির–ছাত্রদল

ছবি - সংগৃহীত

দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ভোট গণনা শুরু হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (এক নম্বর গেট) এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত দুটি প্রধান প্রতিদ্বন্দ্বী প্যানেলের সমর্থকরা মুখোমুখি অবস্থান নিয়েছে, যাদের মধ্যে অনেকেই ‘বহিরাগত’ বলে অভিযোগ উঠেছে।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে উভয় পক্ষের কয়েকশ নেতাকর্মী গেটের দুই পাশে অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দিতে শুরু করলে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়। যে কোনো মুহূর্তে সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

ছাত্রদলের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান অভিযোগ করে বলেন, “শিবিরের বহিরাগত ক্যাডাররা ক্যাম্পাসে প্রবেশ করে উসকানিমূলক স্লোগান দিয়ে উত্তেজনা সৃষ্টি করছে।”অন্যদিকে, শিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’-এর ভিপি প্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ পাল্টা অভিযোগ করে বলেন, “ছাত্রদলের নেতাকর্মীরাই প্রথমে এসে উত্তেজনা সৃষ্টি করেছে। আমরা কোনো সংঘর্ষ চাই না।”

এই উত্তেজনাকর পরিস্থিতির কারণে ভোট গণনার ফলাফল দেখতে আসা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং কোনো পক্ষকেই বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।