সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

চারুকলার হোস্টেলের ফল ঘোষণা,কোন প্যানেল এগিয়ে?

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৫, ২০২৫, ১০:৫৪ পিএম

চারুকলার হোস্টেলের ফল ঘোষণা,কোন প্যানেল এগিয়ে?

ছবি - সংগৃহীত

দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোট গণনা শেষে প্রথম ফলাফল ঘোষিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে চারুকলা অনুষদের ‘শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল’ কেন্দ্রের ভোটের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এই কেন্দ্রের ফলাফলে সহ-সভাপতি (ভিপি) এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই হোস্টেলে মোট ১৫৪ ভোটের মধ্যে ১২৪টি ভোট পড়েছে।ঘোষিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের প্রার্থী সাজ্জাদ হোসেন ৩৪ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ২৭ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে বামজোট সমর্থিত ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেলের প্রার্থী সুদর্শন চাকমা ২৯ ভোট পেয়ে এই কেন্দ্রে এগিয়ে রয়েছেন।সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ৩৮ ভোট পেয়ে অনেকটাই এগিয়ে আছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী আয়ুবুর রহমান।

এটি একটি কেন্দ্রের আংশিক ফলাফল মাত্র। বিশ্ববিদ্যালয়ের বাকি কেন্দ্রগুলোর ভোট গণনা এখনও চলছে। চূড়ান্ত ফলাফল পেতে মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। এদিকে, ভোট গণনাকে কেন্দ্র করে ক্যাম্পাসের প্রধান ফটক এলাকায় প্রধান দুটি প্রতিদ্বন্দ্বী প্যানেলের সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।