সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

চাকসু: আব্দুর রশিদ ছাত্রাবাসের ফল ঘোষণা, ভিপি পদে এগিয়ে ছাত্রদল

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৬, ২০২৫, ১২:০৩ এএম

চাকসু: আব্দুর রশিদ ছাত্রাবাসের ফল ঘোষণা, ভিপি পদে এগিয়ে ছাত্রদল

ছবি - সংগৃহীত

দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোট গণনা চলছে। একের পর এক হল ও ছাত্রাবাসের ফলাফল ঘোষিত হচ্ছে, যেখানে বিভিন্ন প্যানেলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের চিত্র দেখা যাচ্ছে। সর্বশেষ, শিল্পী আব্দুর রশিদ ছাত্রাবাসের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে, যেখানে সহ-সভাপতি (ভিপি) পদে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী এগিয়ে রয়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে এই ছাত্রাবাসের ফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী, এই কেন্দ্রে মোট ১২৪টি ভোট পড়েছে।ফলাফলে দেখা গেছে, ভিপি পদে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের প্রার্থী সাজ্জাদ হোসেন ৩৪ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ২৭ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী সাঈদ বিন হাবিব ২৮ ভোট পেয়ে এই কেন্দ্রে এগিয়ে রয়েছেন। ছাত্রদলের প্রার্থী মো. শাফায়াত হোসেন পেয়েছেন ১৪ ভোট।সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ৩৮ ভোট পেয়ে অনেকটাই এগিয়ে আছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী আয়ুবুর রহমান তৌফিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, শিবির সমর্থিত প্যানেলের সাজ্জাদ হোসাইন মুন্না পেয়েছেন ১১ ভোট।

কেন্দ্রভিত্তিক এই ফলাফলগুলো আসায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। চূড়ান্ত ফল জানতে গভীর রাত পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।