সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

চাকসু নির্বাচন ঘিরে উত্তেজনা, চবিতে মুখোমুখি ছাত্রদল-ছাত্রশিবির

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৬, ২০২৫, ১২:৩৫ এএম

চাকসু নির্বাচন ঘিরে উত্তেজনা, চবিতে মুখোমুখি ছাত্রদল-ছাত্রশিবির

ছবি- সংগৃহীত

দীর্ঘ তিন যুগ পর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নির্বাচনের ফলাফল নিয়ে আশঙ্কার মধ্যে বুধবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় মুখোমুখি অবস্থান নেয় জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত বাড়ার সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট এলাকায় উভয় সংগঠনের কয়েকশ নেতাকর্মী জড়ো হতে শুরু করে। ফল ঘোষণায় বিলম্ব এবং সম্ভাব্য ফলাফল নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যে তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে মুখোমুখি অবস্থান নেয়।

এ সময় উভয় পক্ষকে নিজ নিজ সংগঠনের পক্ষে স্লোগান দিতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। এখন পর্যন্ত কোনো বড় ধরনের সংঘর্ষের খবর পাওয়া যায়নি, তবে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এর আগে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে চাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রায় ৬০ শতাংশের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন বলে নির্বাচন কমিশন জানিয়েছে। নির্বাচনে মোট ২৩২টি পদের বিপরীতে ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৭ হাজার ৫১৮ জন।

ভোটগ্রহণ শেষে ওএমআর পদ্ধতিতে গণনা শুরু হয়েছে। হল সংসদের ফলাফল স্ব স্ব হলেই ঘোষণা করার কথা থাকলেও কেন্দ্রীয় সংসদের চূড়ান্ত ফল বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ঘোষণা করা হবে। ফলাফল ঘোষণায় বিলম্ব হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা বাড়ছে।