অক্টোবর ১৬, ২০২৫, ০১:১১ এএম
দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোট গণনা চলছে। বুধবার (১৫ অক্টোবর) গভীর রাতে কেন্দ্রভিত্তিক ফল ঘোষণা শুরু হওয়ার পর থেকে ক্যাম্পাসে টানটান উত্তেজনা বিরাজ করছে। সর্বশেষ, অতীশ দীপঙ্কর হলের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে, যেখানে তিনটি প্রধান কেন্দ্রীয় পদেই বড় ব্যবধানে জয় পেয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেল।
বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে হলের রিটার্নিং কর্মকর্তা এই ফল ঘোষণা করেন।ঘোষিত ফলাফল অনুযায়ী, সহ-সভাপতি (ভিপি) পদে ছাত্রদলের প্রার্থী সাজ্জাদ হোসেন পেয়েছেন ২২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৯০ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) পদেও ছাত্রদলের প্রার্থী মো. শাফায়াত হোসেন ১৬৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রশিবির সমর্থিত প্রার্থী সাঈদ বিন হাবিব পেয়েছেন ৮৩ ভোট।সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৬৬ ভোটের বিশাল ব্যবধানে জয় পেয়েছেন ছাত্রদলের প্রার্থী আয়ুবুর রহমান তৌফিক।
একটি গুরুত্বপূর্ণ হলে তিনটি প্রধান পদে ছাত্রদলের এই একচেটিয়া জয় তাদের সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাসের জন্ম দিয়েছে। তবে এটি একটি হলের ফলাফল মাত্র। চূড়ান্তভাবে কারা চাকসুর নেতৃত্বে আসছে, তা জানতে বাকি হলগুলোর ফল ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন