অক্টোবর ১৬, ২০২৫, ০৯:৫৯ এএম
অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। সকাল ১০টা থেকে একযোগে দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়া প্রায় সোয়া ১২ লাখ শিক্ষার্থীর ভাগ্য নির্ধারিত হবে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, সকাল ১০টায় সব শিক্ষা বোর্ডের ফলাফল একযোগে প্রকাশ করা হবে। ফল ঘোষণার পর এর বিভিন্ন দিক ও সার্বিক বিশ্লেষণ তুলে ধরতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক খন্দকার এহসানুল কবির।
চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য ফরম পূরণ করেছিলেন। নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই আজ ফল প্রকাশ করা হচ্ছে।
যেভাবে জানা যাবে ফলাফল:
১. অনলাইনে: শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) -এ প্রবেশ করে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং নিজ বোর্ডের নাম নির্বাচন করে সহজেই ফল দেখা যাবে। এছাড়া, প্রতিটি শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটেও ফলাফল পাওয়া যাবে।
২. এসএমএসের মাধ্যমে: মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (যেমন: ঢাকার জন্য DHA) লিখে, আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখতে হবে। এরপর আরও একটি স্পেস দিয়ে পরীক্ষার বছর 2025 লিখে 16222 নম্বরে পাঠিয়ে দিতে হবে। ফিরতি এসএমএসেই ফল চলে আসবে।
উদাহরণ: HSC DHA 123456 2025 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
৩. শিক্ষাপ্রতিষ্ঠান থেকে: শিক্ষার্থীরা নিজ নিজ কলেজ থেকেও ফল সংগ্রহ করতে পারবেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রাতিষ্ঠানিকভাবে ফলাফল ডাউনলোড করে নোটিশ বোর্ডে প্রকাশ করবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন