অক্টোবর ১৬, ২০২৫, ১০:০৩ এএম
দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ফলাফলে ছাত্রশিবির সমর্থিত প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। এই নির্বাচনের হল সংসদ পর্যায়ে সোহরাওয়ার্দী হল থেকে কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের ছোট ভাই আবু আয়াজ।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোরে বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদ অডিটোরিয়ামে চাকসু নির্বাচনের কেন্দ্রীয় পর্ষদের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। ফলাফলে দেখা যায়, কেন্দ্রীয় সংসদের ২৬টি পদের মধ্যে ২৪টিতেই জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল। বাকি দুটি পদে জয় পেয়েছে ছাত্রদল সমর্থিত প্রার্থীরা।
কেন্দ্রীয় পদে ভিপি হিসেবে নির্বাচিত হয়েছেন ছাত্রশিবিরের ইব্রাহিম রনি (৭,৯৮৩ ভোট) এবং জিএস পদে সাঈদ বিন হাবিব (৮,০৩১ ভোট)। অন্যদিকে, ছাত্রদলের প্যানেল থেকে এজিএস পদে আইয়ুবুর রহমান তৌফিক (৭,০১৪ ভোট) এবং সহ-খেলাধুলা সম্পাদক পদে তামান্না মাহবুব প্রীতি বিজয়ী হয়েছেন।
এরই মধ্যে হল সংসদগুলোর ফলাফলও আসতে শুরু করেছে। সোহরাওয়ার্দী হল সংসদ নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে জয় পেয়েছেন আবু আয়াজ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ডাকসু ভিপির ভাইয়ের চাকসু হল সংসদে বিজয় শিক্ষা অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন