অক্টোবর ১৬, ২০২৫, ১০:৪৩ এএম
এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যায় বড় ধরনের ধস নেমেছে। আজ বৃহস্পতিবার প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন, যা গত বছরের তুলনায় অর্ধেকেরও কম।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, গত বছর অর্থাৎ ২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী। সেই হিসাবে এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭৬ হাজার ৮১৪ জন। পাসের হারের পাশাপাশি সর্বোচ্চ ফলের এই ব্যাপক পতনে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
আজ (১৬ অক্টোবর) সকাল ১০টায় একযোগে অনলাইন এবং দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এই ফল প্রকাশ করা হয়। এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য ফরম পূরণ করেছিলেন।
যেভাবে জানা যাবে ফলাফল:
১. অনলাইনে: শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) -এ প্রবেশ করে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং নিজ বোর্ডের নাম নির্বাচন করে সহজেই ফল দেখা যাবে।
২. এসএমএসের মাধ্যমে: মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (যেমন: ঢাকার জন্য DHA) লিখে, আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখতে হবে। এরপর আরও একটি স্পেস দিয়ে পরীক্ষার বছর 2025 লিখে 16222 নম্বরে পাঠিয়ে দিতে হবে। ফিরতি এসএমএসেই ফল চলে আসবে।
উদাহরণ: HSC DHA 123456 2025 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন