অক্টোবর ১৬, ২০২৫, ০৭:১৩ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে নির্বাচনে কারচুপি ও প্রভাব বিস্তারের চেষ্টার গুরুতর অভিযোগ তুলেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেল। তারা অভিযোগ করেছে, ছাত্রশিবির সমর্থিত প্যানেল ক্যাম্পাসে ‘বহিরাগত’ ক্যাডার প্রবেশ করিয়েছে, অস্ত্র মজুত করেছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের ভোটকেন্দ্রে যেতে হুমকি দিয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিবহন মার্কেটের সামনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর।তিনি বলেন, “সকালে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্যাম্পাসে বহিরাগতদের আনাগোনা বাড়তে থাকে।
বিশেষ করে, বিনোদপুর ও কাজলা গেট দিয়ে ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ (শিবির সমর্থিত প্যানেল)-এর টি-শার্ট পরা অগণিত বহিরাগত লোক প্রবেশ করে অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করছে।”শেখ নূর উদ্দিন আবীর আরও বিস্ফোরক অভিযোগ করে বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীতে বেতারের মাঠে শিবিরের কয়েক হাজার নেতাকর্মী ও ক্যাডার বাহিনী অস্ত্র মজুত রেখেছে।” তিনি সাংবাদিকদের এর সত্যতা যাচাই করারও আহ্বান জানান।
এছাড়াও, তিনি অভিযোগ করেন, জামায়াত-শিবিরের সাবেক নেতাদের ‘প্রেস কার্ড’ দিয়ে ক্যাম্পাসে অবাধ বিচরণের সুযোগ করে দেওয়া হয়েছে এবং একটি কেন্দ্রে প্রায় এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ রেখে জাল ভোটের ষড়যন্ত্র করা হয়েছে।ছাত্রদলের এসব অভিযোগের ফলে ভোট গণনাকে সামনে রেখে ক্যাম্পাসে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন