রকিবুল হাসান মুন্না
অক্টোবর ১৬, ২০২৫, ০৯:১৪ পিএম
ছবি-দিনাজপুর টিভি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘সংবাদমাধ্যমে জেন্ডার সমতা ও ন্যায্যতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় একাডেমিক ভবন–৩ এর চতুর্থ তলায় ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (MIS) বিভাগের সেমিনার কক্ষে এই আয়োজন হয়।
মিডিয়া রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) এর আয়োজনে এবং বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা (এমসিজে) বিভাগের সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে একশ'রও বেশি শিক্ষার্থী অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। তিনি বলেন, "দেশে সাংবাদিকের সংখ্যা বাড়ছে, কিন্তু মানসম্মত সাংবাদিকের সংখ্যা তুলনামূলক কম। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিক গড়ে তুলতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি আশা করি, এই সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীরা সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরবে।"
বিশেষ অতিথি অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, "সংবাদ পরিবেশনের ক্ষেত্রে জেন্ডার, ধর্ম, বর্ণ বা জাতি কোনো প্রকার বৈষম্য বা বিদ্বেষ তৈরি করা যাবে না। শিক্ষার্থীদের দক্ষতা ও সংবেদনশীলতা বাড়াতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রয়োজনীয়।"
সেমিনারে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরীন এবং সমতা ও মানবাধিকারকর্মী শীপা হাফিজা।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান তাবিউর রহমান প্রধানের সভাপতিত্বে এবং এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমানের সঞ্চালনায় সেমিনারটি পরিচালিত হয়। সেমিনারে ‘সংবাদমাধ্যমে জেন্ডার-বিষয়ক অঙ্গীকার সনদ’ উপস্থাপন করা হয়। এছাড়াও, অধ্যাপক ড. গীতি আরা নাসরীন, শীপা হাফিজা এবং এমসিজে বিভাগের শিক্ষকদের অংশগ্রহণে একটি প্যানেল আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
অধ্যাপক তাবিউর রহমান প্রধান বলেন, "রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বড় শহরের মতো সুযোগ না পেলেও, এই আয়োজন তাদের জন্য বড় একটি প্রাপ্তি।"