রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নৈতিকতা নেই বলেই গুলি চালিয়েছে অফিসাররা’: মহিউদ্দিন

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৫, ২০২৫, ০৫:৩৩ পিএম

নৈতিকতা নেই বলেই গুলি চালিয়েছে অফিসাররা’: মহিউদ্দিন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খান বলেছেন, বাংলাদেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় নৈতিক দিক অনুপস্থিত থাকায় শিক্ষার্থীদের মাঝে মনুষ্যত্ববোধ জাগ্রত হচ্ছে না। তিনি মন্তব্য করেন, এই নৈতিকতাহীন শিক্ষা ব্যবস্থার কারণেই সমাজে মেধাবী বলে স্বীকৃত অফিসাররা '২৪-এর গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের বুকে গুলি চালাতে দ্বিধাবোধ করেননি।

শনিবার (২৫ অক্টোবর) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্রশিবির আয়োজিত 'নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন' শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই কড়া মন্তব্য করেন।মহিউদ্দিন খান তার বক্তব্যের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, আমাদের মাঝে নৈতিকতা নেই বলেই '২৪-এর অভ্যুত্থানে এমন ঘটনা ঘটেছে। নৈতিকতা ও মনুষ্যত্বের অনুপস্থিতির কারণেই তারা শিক্ষার্থীদের ওপর গুলি চালাতে উদ্বুদ্ধ হয়েছেন।

তিনি দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে বলেন, আমাদের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে শুধুমাত্র বৈষয়িক ব্যবস্থার উন্নয়নের সমস্ত উপকরণ বিদ্যমান রাখা হয়েছে। এর ফলে এখানে শিক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষা অনুপস্থিত থেকে যাচ্ছে এবং শিক্ষার্থীরা আধ্যাত্মিকতা ও নৈতিকতা ভুলে যাচ্ছে।ডাকসুর এজিএস এ সময় হাবিপ্রবিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভালো মানুষ এবং নৈতিক জ্ঞান সম্পন্ন মানুষ হওয়ার জন্য বিশেষ পরামর্শ প্রদান করেন।

হাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি রেজওয়ানুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি শেখ রিয়াদের সঞ্চালনায় এই নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. রাজিবুর রহমান পলাশ। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি মো. মহিউদ্দিন খান এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আসাদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।