অক্টোবর ২৭, ২০২৫, ১০:৩৫ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২০ নভেম্বর থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
জনসংযোগ প্রশাসক জানান, আগামী বছরের ১৬ জানুয়ারি C (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১৭ জানুয়ারি A (মানবিক) ইউনিট এবং ২৪ জানুয়ারি B (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাগুলো দুটি শিফটে (সকাল ১১টা থেকে ১২টা এবং বিকেল ৩টা থেকে ৪টা) গ্রহণ করা হবে। শিক্ষার্থীদের সুবিধার জন্য এবার রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল— এই ছয়টি বিভাগীয় শহরে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৪-২৫ সালের এইচএসসি বা সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ (প্রাক), কারিগরি শিক্ষাবোর্ডের এইচএসসি ভোকেশনাল এবং 'এ' লেভেল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন। ভর্তির জন্য মানবিক ও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য এই যোগ্যতা পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ নির্ধারণ করা হয়েছে।ভর্তি পরীক্ষা ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে এক ঘণ্টা ধরে অনুষ্ঠিত হবে।
প্রতি ইউনিটে মোট ৮০টি প্রশ্ন থাকবে এবং প্রতি চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে। পরীক্ষায় পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০।আবেদনের ক্ষেত্রে, A (মানবিক) ও C (বিজ্ঞান) ইউনিটের আবেদন ফি ১০ শতাংশ সার্ভিস চার্জসহ মোট ১,৩২০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, B (বাণিজ্য) ইউনিটের আবেদন ফি সার্ভিস চার্জসহ মোট ১,১০০ টাকা।ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য, যেমন বিভিন্ন ইউনিটের আওতাধীন অনুষদ ও বিভাগ এবং অন্যান্য শর্তাবলী পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট (http://admission.ru.ac.bd) ও সংবাদপত্রের বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন