অক্টোবর ৩১, ২০২৫, ০৫:৪১ পিএম
আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনকে সামনে রেখে শাখা ছাত্রদল মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ও আয়োজনের ঘোষণা দিয়েছে। শিক্ষার্থীদের একাডেমিক, সাংস্কৃতিক, পেশাগত ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যেই এসব কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।শুক্রবার (৩১ অক্টোবর) জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মাসব্যাপী কর্মসূচির বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়।
তালিকা অনুযায়ী, আয়োজনের প্রথম কর্মসূচি শুরু হবে আগামী ২ নভেম্বর ‘ফিটনেস স্ক্রিনিং ও ফিজিওথেরাপি ক্যাম্প’ দিয়ে। এরপর ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিকল্প আয়ের উৎস’ শীর্ষক সেমিনার।
কর্মসূচির মধ্যে আরও রয়েছে ক্যাম্পাস সৌন্দর্যবর্ধনের উদ্যোগ ‘আমাদের ক্যাম্পাস আমরাই গড়বো’ ক্যাম্পেইন (৬ নভেম্বর), ‘মেধাবী সংবর্ধনা’ (৯ নভেম্বর) এবং ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিকাশে গণমাধ্যমের দায়িত্বশীলতা’ শিরোনামে আলোচনা সভা (১০ নভেম্বর)।
শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ১১ নভেম্বর ‘বিদেশে উচ্চশিক্ষা, বৃত্তির সুযোগ ও আইইএলটিএস, টোফেল, জিআরই, এসএটি এবং জিম্যাট প্রশিক্ষণ সুবিধা’ নিয়ে সেমিনার এবং ১৮ নভেম্বর ‘চাকরি মেলা, সিভি লেখা, সফট স্কিল উন্নয়ন ও চাকরির সাক্ষাৎকারে অংশগ্রহণ’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আয়োজিত হবে।
এছাড়াও স্বাস্থ্য সচেতনতার অংশ হিসেবে ১২ নভেম্বর ‘স্তন ক্যান্সার ও এর পরিণতি সম্পর্কে সচেতনতা সৃষ্টি’ এবং ১৩ নভেম্বর ‘মেডিকেল ডিসপ্যাচ বুথ’ উদ্বোধন ও ‘রক্তদান কর্মসূচি’ পালিত হবে। শিক্ষার্থীদের বিনোদনের জন্য ২০ নভেম্বর ইনডোর ও আউটডোর গেমস প্রতিযোগিতা এবং ১৭ নভেম্বর রম্য বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
মাসের শেষ দিকে ২৩ নভেম্বর ‘ইন্ডাস্ট্রি ৪.০-এর চ্যালেঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা ও রোবোটিকস’ এবং ২৪ নভেম্বর ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ডিং : জাতীয় ও বহুজাতিক কোম্পানি এবং অন্য অংশীদারদের সাথে সহযোগিতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি ৪ নভেম্বর থেকে প্রতিদিন দুপুর ১২টায় ‘হঠাৎ কুইজ প্রতিযোগিতা’ চলবে মাসজুড়ে।
ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের ছাত্রীদের জন্যও বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে, যার মধ্যে রয়েছে বুকসেলফ, বিসিএস ও ইসলামিক বই সরবরাহ, ফার্স্ট এইড বক্স স্থাপন এবং গরম ও ঠান্ডা পানির ফিল্টার স্থাপনসহ বিভিন্ন উদ্যোগ।
এই কর্মসূচি বিষয়ে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেছে। ৫ আগস্টের আগে এবং পরেও আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চেয়েছি। এটি আমাদের প্রাণের ক্যাম্পাস। আমাদের এই কর্মসূচি জকসুকে সামনে রেখে নয়, বরং শিক্ষার্থীদের কল্যাণের জন্যই। ছাত্রদল অতীতেও শিক্ষার্থীদের পাশে থেকেছে, আগামীতেও থাকবে।’



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন