নভেম্বর ১, ২০২৫, ০৩:২০ পিএম
“পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি”— এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে শহীদ ক্যাডেট একাডেমি কর্তৃক মেধাবী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) দিনাজপুর সদরের ৫০টি স্কুলের প্রায় ২ হাজার শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়।
প্রতি বছরের মতো এবারও শহরের বকুলতলা মোড়, ক্ষেত্রীপাড়াস্থ শহীদ ক্যাডেট স্কুল দিনাজপুর শাখায় সরাসরি টাঙ্গাইল হতে পরিচালিত একাডেমি এই পরীক্ষার আয়োজন করে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এই মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫-এ অংশগ্রহণ করছে।
শহীদ ক্যাডেট স্কুল, দিনাজপুর শাখার পরিচালক মো. সাইদুর রহমান, মো. নুরুজ্জামান ও একাডেমির পরিচালক মো. আতাউর রহমান জানান, প্রতি বছরের মতো এবারও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। পুরস্কারের ধরন— প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থী পাবে যথাক্রমে ৩ হাজার, ২ হাজার ও ১ হাজার নগদ অর্থ। এছাড়া ট্যালেন্টপুল এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীর জন্য থাকবে শহীদ ক্যাডেট স্কুল দিনাজপুর শাখা কর্তৃক ক্রেস্ট ও সনদপত্র।
মেধাবৃত্তি পরীক্ষা গ্রহণে সার্বিক সহযোগিতা করেন স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। পরীক্ষার শুরুতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশ্যে স্কুলের পরিচালক মো. সাইদুর রহমান বলেন, "আস্থা, বিশ্বাস ও ভালোবাসায় শহীদ ক্যাডেট স্কুল দিনাজপুরে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা মানসম্মত শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার জন্য একটি আদর্শ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। শুধু আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন।"

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন