নভেম্বর ৩, ২০২৫, ০৩:১৬ পিএম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ১৩ হাজার সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকালে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ইতোমধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিধিমালা সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাই দ্রুত সার্কুলার প্রকাশের জন্য আমরা টেলিটকের সঙ্গে আজ একটি মিটিং করেছি।
বৈঠকে অনলাইন আবেদন গ্রহণের জন্য টেলিটককে দ্রুত সফটওয়্যার ডেভেলপ করার জন্য বলা হয়েছে। আশা করা হচ্ছে, খুব অল্প সময়ের মধ্যেই এই বহু প্রতীক্ষিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এর আগে গতকাল রোববার (২ নভেম্বর) প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন সংশোধনীতে শিক্ষক নিয়োগের যোগ্যতার ক্ষেত্রে বিজ্ঞান বিষয়ের স্নাতকদের অন্তর্ভুক্তির বিষয়টি আরও সুস্পষ্ট করা হয়েছে। মূলত এই বিধিমালা চূড়ান্ত হওয়ার কারণেই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারছে অধিদপ্তর।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন