সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

জকসু নির্বাচন পেছানো বিশেষ গোষ্ঠীর মন রক্ষার্থে: জবি ছাত্রশিবির

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৫, ২০২৫, ০৮:১৩ পিএম

জকসু নির্বাচন পেছানো বিশেষ গোষ্ঠীর মন রক্ষার্থে: জবি ছাত্রশিবির

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের তপশিল পরিবর্তনের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জবি শাখা ইসলামী ছাত্রশিবির। নির্বাচন কমিশন ২৭ নভেম্বরের পরিবর্তে ভোটগ্রহণের তারিখ ২২ ডিসেম্বর নির্ধারণ করায় সংগঠনটির দাবি, বিশেষ একটি গোষ্ঠীর মন রক্ষা করতেই কমিশন ২৬ দিন নির্বাচন পিছিয়ে দিয়েছে।

বুধবার তপশিল ঘোষণার পরপরই জবি ক্যাম্পাসে এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে ছাত্রশিবির নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানায়।সংবাদ সম্মেলনে শাখা শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, “একটি বিশেষ ছাত্রসংগঠনের মন রক্ষা করতেই নির্বাচন কমিশন ২৬ দিন নির্বাচন পেছিয়েছে।

আমরা এ ধরনের পক্ষপাতমূলক আচরণের নিন্দা জানাই এবং কমিশনকে আহ্বান জানাই যেন তারা সবার মতামত বিবেচনায় নিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করে।”

তিনি অভিযোগ করেন, গত ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন প্রস্তুতি কমিটি গঠন করে ২৭ নভেম্বর ভোটের তারিখ ঘোষণা করেছিল। কিন্তু পরে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় একটি পক্ষ নির্বাচন পেছানোর জন্য চাপ সৃষ্টি করে এবং তাদের মন রক্ষার্থেই কমিশন তারিখ পিছিয়েছে। রিয়াজুল ইসলাম আরও বলেন, “এর আগেও ডাকসু, রাকসু ও চাকসু নির্বাচন বানচালের জন্য একই গোষ্ঠী ষড়যন্ত্র করেছিল।”

তবে সার্বিক পরিস্থিতি শান্ত রাখার স্বার্থে এবং শিক্ষার্থীদের কল্যাণের কথা বিবেচনা করে শাখা শিবির ২২ ডিসেম্বরের তারিখ মেনে নিচ্ছে বলে জানিয়েছেন তিনি। শিবির সভাপতি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন ভবিষ্যতে পক্ষপাতমূলক আচরণ থেকে সরে এসে সব সংগঠনকে সমান সুযোগ দিয়ে একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেবে।সংবাদ সম্মেলনে শিবিরের শাখা সেক্রেটারি আব্দুল আলীম আরিফ, বায়তুলমাল সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।