রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভদ্ররা চুপ থাকে, অভদ্ররা ভাবে জবাব নেই: বললেন প্রভা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১০, ২০২৫, ০১:৪১ পিএম

ভদ্ররা চুপ থাকে, অভদ্ররা ভাবে জবাব নেই: বললেন প্রভা

দেশের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বর্তমানে অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় রয়েছেন। তিনি এখন আর আগের মতো আড়ালে থাকছেন না, বরং খোলামেলাভাবেই নিজের ভাবনা প্রকাশ করছেন, যা দর্শক ও ভক্তদের নজর কাড়ছে।

সম্প্রতি প্রভা তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ভদ্রতা ও অভদ্রতা নিয়ে নিজের স্বতন্ত্র অবস্থান তুলে ধরেন। তিনি লেখেন, “যে ভদ্র সে ভদ্রতার খাতিরে চুপ হয়ে যায়। আর অভদ্র মানুষটা ভাবে, ওর জবাব দেওয়ার ক্ষমতা নেই।” এই মন্তব্যটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

পোস্টে হাজার হাজার প্রতিক্রিয়া জমা পড়ে এবং শতাধিক অনুরাগী মন্তব্য করেন। ভক্তদের অধিকাংশই প্রভার এই যুক্তির সঙ্গে একমত পোষণ করে লেখেন যে, একজন ভদ্র মানুষ চুপ থাকলেও তিনি দুর্বল প্রমাণিত হন না।

বিনোদন জগতে ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে পা রাখা প্রভা একের পর এক সফল নাটকে অভিনয় করে দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি তিনি নিজেকে একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন। নিউইয়র্কের ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে তিনি মেকআপের ওপর বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

অভিনয়ের ক্ষেত্রেও এই বছর প্রভা দুটি নতুন সিনেমার ঘোষণা দিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমা দুটি হলো সাদেক সিদ্দিকী পরিচালিত ‘দেনা পাওনা’ এবং ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’। বর্তমানে অভিনেত্রী তাঁর এই চলচ্চিত্র দুটির কাজ নিয়েই মনোযোগ সহকারে ব্যস্ত সময় কাটাচ্ছেন।