রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নতুন সিনেমায় মোশাররফ করিম

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৫, ০৫:৩৮ পিএম

নতুন সিনেমায় মোশাররফ করিম

নাটকের ব্যস্ততা সামলে এবার নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। নির্মাতা কচি খন্দকার নিজেই এই বিষয়টি নিশ্চিত করেছেন। মোশাররফ করিমকে নিয়ে তিনি শুধু নতুন সিনেমাই নয় বরং একসঙ্গে দুটি বড় খবর দিলেন।

একটি তার পরিচালিত নতুন ধারাবাহিক ‘তেল ছাড়া পরোটা’ এবং অন্যটি চলচ্চিত্রাঙ্গনে দীর্ঘদিন পর কচি খন্দকারের প্রত্যাবর্তন ও মোশাররফের অভিনয়।

কচি খন্দকার জানান, তার পরিচালিত নতুন ধারাবাহিক ‘তেল ছাড়া পরোটা’-তে শুরুতে মোশাররফ করিম না থাকলেও এটির ১০০ পর্ব পার হওয়ার পর তিনি যোগ দেবেন।

অভিনেতার শিডিউল জটিলতার কারণেই শুরুতে তাকে পাওয়া যায়নি তবে তার অংশের গল্প আগে থেকেই তৈরি রাখা ছিল। দর্শকদের জন্য চমক হিসেবে এই নতুন ধারাবাহিকে মোশাররফকে দেখা যাবে তেল কোম্পানির মালিকানা হারিয়ে সংগ্রাম করা এক চরিত্রে। শুরুতে হাটে হাটে তেল বিক্রির দৃশ্যেই ধরা দেবেন তিনি। নির্মাতা জানান, চরিত্রটি বেশ মজার এবং অভিনেতা নিজেও এটি অনেক পছন্দ করেছেন।

তবে মূল খবর হলো দীর্ঘদিন পর আবারও সিনেমা নির্মাণে ফিরছেন গুণী নির্মাতা কচি খন্দকার এবং সেই সিনেমাতেই প্রধান চরিত্রে অভিনয় করবেন মোশাররফ করিম। নির্মাতা জানান গত বৃহস্পতিবারই সবকিছু চূড়ান্ত হয়েছে। প্রায় এক দশক আগে তিনি এই ফুটবল–ভিত্তিক গল্পটি ভেবে রেখেছিলেন। সিনেমাটির নাম ঠিক করা হয়েছে- ‘মাই ডিয়ার ফুটবল’। কচি খন্দকার বলেন, এই কনসেপ্টে তিনি কোনো নাটক বানাননি, বরং সিনেমার গল্পটি অনেকদিন ধরেই তার মাথায় ছিল।

সেখানে মোশাররফ করিম দুর্দান্ত একটি চরিত্রে অভিনয় করবেন এবং আরও অনেক চমক আছে যেগুলো তিনি এখনই জানাতে চান না। এরই মধ্যে সিনেমার গল্প ও চিত্রনাট্য তৈরি হয়ে গেছে এবং আগামী এপ্রিল মাসেই ‘মাই ডিয়ার ফুটবল’ সিনেমার শুটিং শুরু হবে। তিনি জানান, নাটক ও সিনেমা দুটোর শিডিউল সমন্বয় করেই কাজ এগিয়ে নিচ্ছেন তিনি। খুব শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে সিনেমার পুরো টিম ও বিস্তারিত তথ্য জানানো হবে।