নভেম্বর ১৬, ২০২৫, ০৩:৪১ পিএম
পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার প্রলোভন দেখিয়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ এবং পরবর্তীতে হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে দায়ের করা মামলায় জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা তানিয়া গত ১০ নভেম্বর এই পরোয়ানা জারি করেন। রোববার (১৬ নভেম্বর) মামলার বাদী আমিরুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১০ নভেম্বর মামলাটিতে আসামিদের আদালতে হাজির হওয়ার দিন ধার্য ছিল। কিন্তু তারা আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আদালত আগামী ১৮ ডিসেম্বর গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন।মামলার বিবরণ সূত্রে জানা যায়, বাদী আমিরুল ইসলামের সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে মেহজাবীন চৌধুরী তাকে পারিবারিক নতুন ব্যবসায় পার্টনার করার কথা বলেন। এই সূত্রে বাদী বিভিন্ন সময়ে নগদ ও বিকাশের মাধ্যমে তাদের ২৭ লাখ টাকা প্রদান করেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও মেহজাবীন ও তার ভাই ব্যবসায়িক কার্যক্রম শুরু করেননি। টাকা ফেরত চাইতে গেলে তারা আজ দেব, কাল দেব বলে কালক্ষেপণ করতে থাকেন।
অভিযোগে আরও বলা হয়, গত ১১ ফেব্রুয়ারি টাকা চাইতে গেলে এবং পরবর্তীতে ১৬ মার্চ হাতিরঝিল রোডের একটি রেস্টুরেন্টে দেখা করতে গেলে মেহজাবীন ও তার ভাইসহ অজ্ঞাতনামা কয়েকজন বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং জীবননাশের হুমকি দেন। তারা বলেন, "তোর লাশও কেউ খুঁজে পাবে না।" এই ঘটনার প্রেক্ষিতে আমিরুল ইসলাম গত ২৪ মার্চ বাদী হয়ে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন