মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

শিল্পীদের বিরুদ্ধে মামলা: ডিপজলের প্রতিবাদ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৮, ২০২৫, ১২:২৬ পিএম

শিল্পীদের বিরুদ্ধে মামলা: ডিপজলের প্রতিবাদ

দেশের অভিনয় শিল্পীদের বিরুদ্ধে সম্প্রতি দায়ের হওয়া একাধিক হয়রানিমূলক মামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক, অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তিনি শিল্পের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শিল্পীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

সোমবার (১৭ নভেম্বর) ডিপজল তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লেখেন, ‘শিল্পীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানি বন্ধ হোক। শিল্পের অগ্রগতির জন্য শিল্পীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা অপরিহার্য।’ তার এই বক্তব্য দ্রুতই বিনোদন অঙ্গনে আলোচনার জন্ম দেয়।

এই প্রতিবাদের পটভূমি হিসেবে সম্প্রতি দুটি বড় ঘটনা সামনে এসেছে। গত রোববার দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে একটি মামলায় জামিন নিতে আদালতে যেতে হয়।

মেহজাবীন পরে জানান, এক সম্পূর্ণ অপরিচিত ব্যক্তি চলতি বছরের মার্চ মাসে তার এবং তার ১৯ বছর বয়সী ছোট ভাইয়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। গত নয় মাসে তিনি এই মামলার বিষয়ে কিছুই জানতেন না, কারণ অভিযোগকারী ব্যক্তি পুলিশকে তার সঠিক ফোন নম্বর বা ঠিকানা দেননি। এমনকি মেহজাবীনের সাথে ব্যবসায়িক লেনদেন বা তাকে ২৭ লাখ টাকা দেওয়ার কোনো প্রমাণও তিনি উপস্থাপন করতে পারেননি। এই ঘটনায় মেহজাবীনের ভক্ত ও সহকর্মীরা মনে করছেন, তাকে উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করার জন্যই এই মামলা করা হয়েছে।

এর রেশ কাটতে না কাটতেই, খোদ ডিপজল নিজেও একই ধরনের হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে ডিপজলের ভক্ত হিসেবে পরিচয় দেওয়া এক নারীর স্বামী, ডিপজল ও তার সহকারী মো. ফয়সালের বিরুদ্ধে একটি 'হত্যাচেষ্টা মামলা' দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।তবে ডিপজলের পরিবারের পক্ষ থেকে এই মামলাকে সম্পূর্ণ ভিত্তিহীন ও হয়রানিমূলক বলে দাবি করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মামলায় যে সময়ের ঘটনা উল্লেখ করা হয়েছে, ডিপজল তখন চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছিলেন। তিনি ডায়বেটিস, হৃদরোগ ও চোখের সমস্যাসহ বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছেন এবং দীর্ঘ সময় ধরে চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন। পরিবারের অভিযোগ, এই অসুস্থতার সুযোগ নিয়ে তাকে এবং তার পরিবারকে বিপর্যস্ত ও মানসিকভাবে ক্ষতি করার জন্যই উক্ত ভক্তের পরিবার একের পর এক মামলা করছে। শিল্পীদের বিরুদ্ধে এ ধরনের হয়রানিমূলক মামলা পুরো শিল্পী সমাজের জন্য ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।