নভেম্বর ২৭, ২০২৫, ০৫:১৭ পিএম
দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম প্রথমবারের মতো পর্দায় হাজির হচ্ছেন একজন 'স্ট্যান্ড–আপ কমেডিয়ান' চরিত্রে। ওটিটি প্ল্যাটফর্ম চরকি অরিজিনাল ফিল্ম 'ডিমলাইট'-এ তিনি এমন এক চরিত্রে অভিনয় করেছেন, যার জীবিকা নির্বাহ হয় মানুষকে হাসিয়ে।
যদিও অনেকে বলে থাকেন, মোশাররফ করিমের অভিনয়-মেধার প্রায় পুরোটাই নষ্ট হয়েছে কমেডি নামের সস্তা জনপ্রিয়তার চাপে। তবে এবার তিনি নিজেই কমেডিয়ান চরিত্রে নিজেকে উপস্থাপন করছেন, যা দর্শকদের জন্য ভিন্ন অভিজ্ঞতা দেবে।
সিনেমাটি নির্মাণ করেছেন শরাফ আহমেদ জীবন, এবং এর সহ-প্রযোজনায় আছে প্রযোজনা প্রতিষ্ঠান ছবিয়াল। নির্মাতা জানান,
'ডিমলাইট'-এ কমেডিকে আশ্রয় করে একজন পুরুষ চরিত্রের মিডলাইফ ক্রাইসিসের মতো সমস্যা দেখানোর চেষ্টা আছে। ২৫ নভেম্বর প্রকাশিত অফিসিয়াল পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে, 'মিডলাইফ ক্রাইসিস থুক্কু ডিমলাইট ক্রাইসিস'। নির্মাতা জানান, মিডলাইফ ক্রাইসিসটাকেই প্রতীকিরূপে ডিমলাইট ক্রাইসিস হিসেবে বলার চেষ্টা করেছেন তারা।অভিনেতা মোশাররফ করিম গল্পটি নিয়ে বলেন, জীবনে নানা কিছুর আবরণ পড়ে—চিনি, টুথপেস্ট, বাচ্চার স্কুলের বেতনের আবরণ।
সেই আবরণে ঢাকা পড়ে সম্পর্ক, যেখানে থাকে না ফুল বা ফুলের ঘ্রাণ। তিনি বলেন, "এসব আবরণ ধীরে ধীরে ভালোবাসাকে ঢেকে ফেলে, প্রেমটাকে আর খুঁজে পাওয়া যায় না। আবার কিছুর ধাক্কার প্রয়োজন হয় এবং বোঝা যায় যে প্রাণভোমরাটা কোথায়।"
এই ক্রাইসিসে ভোগা মানুষটি হলেন স্ট্যান্ড–আপ কমেডিয়ান মোশাররফ করিম। ফিল্মটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা শরাফ আহমেদ জীবনও। প্রধানত সম্পর্কের গল্প নিয়ে এগিয়ে যাওয়া এই ফিল্মে মোশাররফ করিমের পথে তিনি পেয়েছেন তানজিকা আমিন ও পারসা ইভানার মতো অভিনয়শিল্পীদের।
তানজিকা আমিন গল্পটি নিয়ে বলেন, "আমার মনে হয়েছিল এই গল্পটা এ সময়ের এবং এখনই বলা উচিত...জীবনেরই গল্প।" পারশা ইভানা বলেন, "আমার মনে হয়েছে খুব ফ্রেশ একটা গল্প। যেখানে কনফিউশন, হিউমার, ক্রাইসিস আছে এবং রিলেটেবল।" সিনেমাটি শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন