রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শাকিব খানের যে উপদেশে বদলে গেলেন অপু

বিনোদন ডেস্ক

ডিসেম্বর ২, ২০২৫, ০৬:৩৬ পিএম

শাকিব খানের যে উপদেশে বদলে গেলেন অপু

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস যেন নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন। মাঝে কিছুটা বিরতি থাকলেও এখন তিনি ফিরেছেন আরও আত্মবিশ্বাসী ও গ্ল্যামারাস রূপে। ওজন কমিয়ে স্টাইলিশ লুকে হাজির হয়ে ভক্তদের দৃষ্টি কাড়ছেন।

বর্তমানে তিনি সিনেমার শুটিং থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে দারুণ ব্যস্ত সময় পার করছেন।সম্প্রতি একটি পার্লার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অপু। সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ব্যক্তিজীবন নিয়ে আর কোনো বিতর্কে জড়াতে চান না।

অপু বিশ্বাস বলেন:আমি এমন কোনো কথা বলতে চাই না, যা বারবার আমাকে প্রশ্নবিদ্ধ করবে বা বিতর্ক তৈরি করবে। মিডিয়ায় এমন কিছুই তুলব না, যা আমার পেশাজীবনে নেতিবাচক প্রভাব ফেলে।"

নিজের এই আমূল পরিবর্তন ও সৌন্দর্যের রহস্য নিয়ে হাসিমুখে নায়িকা বলেন, তিনি তার ভক্ত আর ভালোবাসার মানুষদের ভালোবাসা পেয়ে সুন্দর হয়েছেন।এরপরই নিজের বর্তমান অবস্থান পরিষ্কার করে অপু জানান, ব্যক্তিজীবনকে পেশা থেকে আলাদা রাখার এই গুরুত্বপূর্ণ উপদেশটি তিনি পেয়েছেন সুপারস্টার শাকিব খানের কাছ থেকেই।

শাকিবের পরামর্শের কথা উল্লেখ করে অপু বলেন:আমাকে লিটারেলি তিনি (শাকিব খান) বলেছেন— ‘তুমি যখন ক্যামেরার সামনে যাবে, তখন তুমি শুধু অপু বিশ্বাস। তোমার প্রফেশনকে প্রাধান্য দেবে, ব্যক্তিজীবনকে নয়।’ তিনি নিজেও সবসময় কাজের জায়গা নিয়েই কথা বলেন। তারই পরামর্শে আমিও এখন ব্যক্তিজীবন থেকে পেশাকে আলাদা রাখছি।"অনুষ্ঠানে আব্রাহাম খান জয় ও শাকিব খান—বাবা-ছেলের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে অপু বিশ্বাস হেসে তা এড়িয়ে যান।