মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়: মুখ খুললেন মেহজাবীন

বিনোদন ডেস্ক

ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১২:৩৬ পিএম

মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়: মুখ খুললেন মেহজাবীন

মুখ খুললেন মেহজাবীন

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ বোতল বিদেশি মদসহ জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, তার স্বামী নির্মাতা আদনান আল রাজীব এবং পরিচালক শঙ্খ দাসগুপ্তের আটকের খবর নিয়ে বিনোদন অঙ্গনে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। গত শনিবার বিকেলে একটি সংবাদমাধ্যমে এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিতর্ক ও গুঞ্জন ছড়িয়ে পড়ে। 

অভিযোগ রয়েছে যে, গত ১৭ আগস্ট ব্যাংকক থেকে ঢাকায় ফেরার সময় তাদের লাগেজ থেকে বিপুল পরিমাণ অ্যালকোহল উদ্ধার করা হলেও কাস্টমস কর্তৃপক্ষ রহস্যজনকভাবে কোনো আইনি পদক্ষেপ ছাড়াই তাদের ছেড়ে দেয়। 

এই চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে সরাসরি উত্তর না দিলেও আজ রোববার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্ট দিয়ে মেহজাবীন চৌধুরী দাবি করেছেন যে, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মেহজাবীন ও তার সঙ্গীরা বিএস-২১৮ ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় কাস্টমস কর্মকর্তাদের তল্লাশিতে তাদের ব্যাগে বিদেশি মদ পাওয়া যায়। বাংলাদেশের আইন অনুযায়ী কোনো বাংলাদেশি পাসপোর্টধারী পর্যটকের জন্য এভাবে অ্যালকোহল বহন করা সম্পূর্ণ বেআইনি হলেও কোনো মুচলেকা বা মামলা ছাড়াই তাদের ছেড়ে দেওয়া হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। কাস্টমস কর্মকর্তা মো. মোতাকাব্বির আলীর জব্দ করা পণ্যের রসিদ এবং এভিয়েশন সিকিউরিটি কর্মকর্তাদের প্রটোকল দেওয়ার বিষয়টিও সেখানে উল্লেখ করা হয়।

 তবে এ বিষয়ে সংবাদমাধ্যমটির পক্ষ থেকে আগে যোগাযোগের চেষ্টা করা হলেও মেহজাবীন বা তার স্বামী কোনো মন্তব্য করতে রাজি হননি।রোববার সকাল ১১টা ১৯ মিনিটে দেওয়া ফেসবুক পোস্টে মেহজাবীন চৌধুরী এই পুরো ঘটনাকে তার মানহানি করার একটি পরিকল্পিত চেষ্টা হিসেবে বর্ণনা করেছেন। তিনি লিখেছেন যে, ক্যারিয়ারের এই পর্যায়ে তাকে নানা বিষয়ে হীন উদ্দেশ্যে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। 

সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিওর মাধ্যমে শিল্পীদের বিব্রত করার প্রবণতার কথা উল্লেখ করে তিনি বলেন, শোবিজ অঙ্গনের নারীরাই এখন সহজে এমন ষড়যন্ত্রের শিকার হচ্ছেন। এর আগে একটি মিথ্যা মামলা থেকেও তিনি আদালত থেকে অব্যাহতি পেয়েছেন বলে পোস্টে উল্লেখ করেন। মেহজাবীন তার কাজের প্রতি ভক্তদের মনোযোগ দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, ব্যক্তিগত আক্রমণ বা ভিত্তিহীন বিতর্ক তার সৃজনশীল কাজে বাধা সৃষ্টি করছে। তিনি শুধু তার অভিনয় এবং কাজ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে চান।