এপ্রিল ২৯, ২০২৬, ০৬:৩৯ পিএম
বৃদ্ধ বয়সের জন্য সঞ্চয়ের পরামর্শ দিলেন ঢালিউডের কিংবদন্তি চিত্রনায়ক, প্রযোজক ও বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা। বুধবার (২৯ এপ্রিল) নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে এক পোস্টের মাধ্যমে ভক্ত ও অনুসারীদের উদ্দেশ্যে তিনি এই বার্তা দেন।প্রকাশিত ফেসবুক পোস্টে সোহেল রানা লিখেছেন, জীবনে প্রথম যখন নিজের কামাই শুরু করবেন তখন থেকেই এর একটি ক্ষুদ্র অংশ নিজের জন্য জমা করে রেখে দেবেন।
তাঁর মতে, সময় চলে যাবে এবং বয়সকালে অসুস্থ হয়ে পড়লে আত্মীয়-স্বজনরা হয়তো পাশে থাকবেন, কিন্তু সম্পদ বা সম্পত্তি দিয়ে তেমন কোনো সাহায্য করতে পারবেন না। সেই কঠিন সময়ে জমানো টাকাটাই হবে সবচেয়ে বড় সম্বল।
সোহেল রানা আরও উল্লেখ করেন, স্ত্রী, পুত্র বা কন্যা জীবন বাজি ধরে প্রিয়জনের জন্য সবকিছু করবেন। তবে সেই সময়ে প্রধান অস্ত্র হিসেবে কাজ করবে নিজের জমানো টাকা, যা পরিবারের প্রিয়জনদেরও বড় ধরনের সাহায্য জোগাবে। এই বিষয়টিকে হালকাভাবে না নিয়ে প্রথম উপার্জন থেকেই সঞ্চয়ের অভ্যাসকে একটি ক্ষুদ্র দায়িত্ব হিসেবে গ্রহণ করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, সোহেল রানার প্রকৃত নাম মাসুদ পারভেজ। সত্তর ও আশির দশকে তিনি চলচ্চিত্রে অভিনয় ও প্রযোজনার মাধ্যমে ব্যাপক খ্যাতি অর্জন করেন। তিনি ১৯৭২ সালে দেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ প্রযোজনা করে চলচ্চিত্র অঙ্গনে প্রবেশ করেন। সিনেমাটি পরিচালনা করেছিলেন খ্যাতনামা পরিচালক চাষী নজরুল ইসলাম।
পরবর্তীতে ১৯৭৩ সালে ‘মাসুদ রানা’ চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এই সিনেমায় তিনি ‘সোহেল রানা’ নাম ধারণ করে অভিনয় করেন, যা পরবর্তীকালে তাঁর স্থায়ী পরিচয়ে রূপ নেয়। বর্তমানে তিনি অভিনয়ে নিয়মিত না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সচেতনতামূলক বার্তা দিয়ে থাকেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন