রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিচ্ছেদের বিষাদ ভুলে ফের কাছাকাছি হানিয়া-আসিম

বিনোদন ডেস্ক

এপ্রিল ৩০, ২০২৬, ০১:০৩ পিএম

বিচ্ছেদের বিষাদ ভুলে ফের কাছাকাছি হানিয়া-আসিম

হানিয়া আমির ও আসিম আজহার

প্রেম, বিচ্ছেদ এবং দীর্ঘ নীরবতা শেষে পাকিস্তানি বিনোদন জগতের আলোচিত নাম হানিয়া আমির ও আসিম আজহার আবারও কাছাকাছি আসার ইঙ্গিত দিচ্ছেন। তাদের সম্পর্কের সমীকরণটি দীর্ঘ সময় ধরে চড়াই-উতরাই পার করলেও সাম্প্রতিক কিছু ঘটনা ভক্তদের মনে নতুন আশার সঞ্চার করেছে।

সম্প্রতি আসিম আজহারের একটি কনসার্টকে কেন্দ্র করে এই জুটিকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মঞ্চে গান গাওয়ার সময় আসিম যেভাবে ঝুঁকে হানিয়ার চোখের দিকে তাকিয়ে প্রেমের সুর বেঁধেছিলেন, তা উপস্থিত দর্শকদের নজরে আসে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই মুহূর্তের ভিডিওটি দ্রুত ভাইরাল হয়। নেটিজেনদের মতে, ওই কয়েক সেকেন্ডের দৃষ্টিবিনিময়ই তাদের অব্যক্ত মনের কথা প্রকাশ করছিল।তবে আলোচনার নতুন মাত্রা যোগ হয়েছে আসিম আজহারের মার্কিন যুক্তরাষ্ট্রের কনসার্টে। সেখানে হানিয়া নিজেকে আড়াল করার আপ্রাণ চেষ্টা করেছিলেন।

ভিড়ের মধ্যে মুখ ঢেকে নিজেকে লুকিয়ে রাখতে চাইলেও তিনি যে রুমালটি ব্যবহার করেছিলেন, তাতে বড় অক্ষরে ‘আসিম আলি’ লেখা ছিল।ভক্তদের দাবি, এটি কোনো কাকতালীয় বিষয় নয়, বরং অত্যন্ত সচেতনভাবে দেওয়া একটি বার্তা। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই একে অপরের প্রতি বিশেষ টান প্রকাশ করছেন এই দুই তারকা। কনসার্টে একে অপরের প্রতি বিশেষ দৃষ্টি বা হাতের ছোঁয়া—সবকিছুই কোনো বড় ঘোষণার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন নেটিজেনরা।

এদিকে পাকিস্তানি বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সব মান-অভিমান ভুলে চলতি বছরের শেষ নাগাদ বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই আলোচিত জুটি। যদিও বিয়ের খবর নিয়ে হানিয়া আমির বা আসিম আজহারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিনোদন জগতের এই চর্চিত জুটির পরবর্তী পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে আছেন তাদের অনুসারীরা।