মে ১৬, ২০২৬, ১১:৫৩ এএম
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে দেশের শোবিজ অঙ্গনে। আজ শনিবার সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিনোদন জগতের তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন। সহকর্মীরা কারিনার অকাল প্রয়াণে গভীর দুঃখ প্রকাশ করে তার স্মৃতির প্রতি ভালোবাসা জানাচ্ছেন।
চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি কারিনার সঙ্গে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করে আবেগঘন স্মৃতিচারণ করেছেন।ফেসবুকে দেওয়া এক পোস্টে দীঘি জানান, কারিনা আপু তাকে কিছুদিন আগে ফোন করেছিলেন। সে সময় কারিনা তাকে বলেছিলেন যে দীঘির ‘বিদায়’ সিনেমার প্রথম দিনের শো তিনি সিনেমা হলে গিয়ে দেখতে চান।
একই সাথে দীঘির সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার ইচ্ছার কথাও প্রকাশ করেছিলেন কারিনা। সেইসব শেষ কথোপকথনের প্রত্যেকটা কথা এখন নিজের কানে বাজছে উল্লেখ করে দীঘি সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর দুঃখ প্রকাশ করেন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে কারিনা কায়সারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় কারিনা শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে তিনি ফেসবুক পোস্টে জানান।
মেয়ের জীবনে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে বা কাউকে কষ্ট দিয়ে থাকলে সবাইকে ক্ষমা করে দেওয়ার জন্য তিনি বিশেষভাবে অনুরোধ করেছেন। এই কঠিন ও দুঃসময়ে যারা তাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা ও দোয়া করেছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে শোকসন্তপ্ত পরিবার।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন