মে ১৮, ২০২৬, ১০:৫৯ এএম
ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে মুন্সীগঞ্জের গজারিয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন আব্দুল্লাহপুর গ্রামে চতুর্থ জানাজা শেষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। তিনি জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ ও লোপা কায়সার দম্পতির মেয়ে।
ঢাকায় বিভিন্ন আনুষ্ঠানিকতা ও শ্রদ্ধা নিবেদন শেষে রোববার রাতেই তার মরদেহ গজারিয়ায় নিয়ে আসা হয়েছিল।আজ সকালে ভবেরচরের নানির বাগানবাড়িতে শেষ জানাজার আয়োজন সম্পন্ন হওয়ার পর প্রিয় মুখটিকে শেষবারের মতো দেখতে স্থানীয় মানুষ ভিড় করেন।
তবে পরিবারের পক্ষ থেকে পুরো দাফন কার্যক্রম সীমিত পরিসরে ও একান্ত ব্যক্তিগত পরিবেশে সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছিল। জানাজা ও দাফনের সময় কোনো প্রকার ছবি বা ভিডিও ধারণে সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকায় সংবাদকর্মীরাও নির্দিষ্ট দূরত্বে অবস্থান করতে বাধ্য হন। দাফন শেষে কারিনার ছোট ভাই সাদাত হামিদ জানান যে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তারা শেষ মুহূর্তটি সম্পূর্ণ নিরিবিলি রাখতে চেয়েছিলেন।
দীর্ঘদিন ধরে লিভারজনিত জটিলতায় ভুগতে থাকা কারিনা কায়সারের শারীরিক অবস্থার অবনতি হলে গত ১১ মে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মা লোপা কায়সার মেয়ের স্মৃতি ধরে রাখতে এই কবরের পাশে একটি মসজিদ নির্মাণের ইচ্ছার কথা প্রকাশ করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন