রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,

চেন্নাই থেকে রোববার আসছে অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৬, ২০২৬, ০৬:১৫ পিএম

চেন্নাই থেকে রোববার আসছে অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ

প্রয়াত কারিনা কায়সার

চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ আগামী রোববার ঢাকায় আনা হবে। তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন। শেষ মুহূর্তের কিছু আনুষ্ঠানিক ও আইনি জটিলতার কারণে পূর্বপরিকল্পনা অনুযায়ী শনিবার মরদেহ দেশে আনা সম্ভব হয়নি বলে জানানো হয়েছে।

দাফন ও পরিবহনের জন্য প্রয়োজনীয় প্রিজার্ভেশন বা লাশ সংরক্ষণের কাজ শেষ না হওয়ায় শনিবার বিকেলের ফ্লাইটটি ধরা যায়নি।গত শুক্রবার দিবাগত রাতে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন কারিনা কায়সার। 

তিনি দীর্ঘদিন ধরে লিভারজনিত মারাত্মক জটিলতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য সম্প্রতি তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে প্রথমে আইসিইউ ও পরে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

পরিবার সূত্রে জানা গেছে, প্রথমে সাধারণ জ্বর ও সংক্রমণ ধরা পড়ার পর ধীরে ধীরে হেপাটাইটিস এ এবং ই-জনিত জটিলতা থেকে তার লিভার ফেইলিউর দেখা দেয়। মাত্র ৩১ বছর বয়সেই এই জনপ্রিয় তারকার জীবনের ইতি ঘটলো। তিনি মা-বাবা, দুই ভাইসহ অসংখ্য গুণগ্রাহী ও সৃজনশীল কাজের সহযাত্রীদের রেখে গেছেন। 

বরেণ্য দাবাড়ু রাণী হামিদের নাতনি কারিনা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রাণবন্ত কাজের জন্য তরুণদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিলেন।কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে তিনি অভিনয় ও চিত্রনাট্য লেখায় নিজেকে পুরোপুরি যুক্ত করেন। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া তার অভিনীত ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’ সিরিজ দুটি সমাদৃত ও বেশ আলোচিত হয়েছিল।