মে ১৭, ২০২৬, ০৮:১৩ পিএম
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ দাফনের সময় ছবি ও কবরের দৃশ্য না দেখানোর অনুরোধ জানিয়েছেন তার মা। রোববার (১৭ মে) বিকেলে বিমানবন্দর থেকে মরদেহ নিয়ে বাসার উদ্দেশে রওনা দেওয়ার সময় লোপা কায়সার এই অনুরোধ জানান। এ সময় উপস্থিত সাংবাদিকসহ অন্যদের ছবি এবং ভিডিও ধারণ করা থেকে বিরত থাকতে বলা হয়।
কারিনা কায়সারের মরদেহবাহী বিমানটি বিকেল ৪টা ৫০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।বিমানবন্দরে তার কফিন গ্রহণ করেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও কারিনার বাবা কায়সার হামিদ।
মেয়ের মৃত্যুর পর লোপা কায়সার আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন যে জীবনের অনেক বড় বড় পরীক্ষা তিনি হাসিমুখে পার করেছেন এবং কখনো কারো অপকার করেননি। আজ নিজের মেয়েকে ছাড়া জীবনের এই কঠিন ভার তিনি কীভাবে বয়ে বেড়াবেন তা বুঝতে পারছেন না।
আজ মাগরিবের নামাজের পর রাজধানীর বনানীর ডিওএইচএস মাঠে কারিনার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ এশা বনানী দরবার শরিফে দ্বিতীয় জানাজা শেষে রাত ১০টায় মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। আগামী সোমবার ফজরের নামাজের পর মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে তাকে দাফন করা হবে।
লিভার সংক্রান্ত জটিলতায় কয়েক দিন ধরে সংকটাপন্ন ছিলেন এই তরুণী। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখার পর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। ভেলোরের খ্রিষ্টান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকেরা প্রথমে ফুসফুসের চিকিৎসা শেষে তার লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতি নিচ্ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থাপনার বাইরে কারিনার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে `ইন্টার্নশিপ` ও `৩৬ ২৪ ৩৬`।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন