শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,

কর মামলায় বড় জয় পেলেন পদ্য তারকা শাকিরা

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৯, ২০২৬, ০৬:৪৫ পিএম

কর মামলায় বড় জয় পেলেন পদ্য তারকা শাকিরা

পপ তারকা শাকিরা

স্পেনের কর কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ আইনি লড়াইয়ে বড় জয় পেয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। গায়িকার ওপর আরোপিত ৫৫ মিলিয়ন ইউরো জরিমানা অবৈধ ঘোষণা করে তা সুদের অর্থসহ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির জাতীয় উচ্চ আদালত। আজ মঙ্গলবার ১৯ মে ২০২৬ তারিখে স্পেনের আদালতের এই চাঞ্চল্যকর রায়ের বিবরণ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়।

রায়ে বলা হয়েছে ২০১১ সালে শাকিরা স্পেনে করদাতা হিসেবে থাকার প্রয়োজনীয় শর্ত পূরণ করেননি।আইন অনুযায়ী কোনো করবর্ষে স্পেনে কর বাসিন্দা হিসেবে গণ্য হতে হলে অন্তত ১৮৩ দিন সেখানে অবস্থান করতে হয়। 

কিন্তু আদালতের হিসাবে ওই বছর শাকিরা স্পেনে ছিলেন মাত্র ১৬৩ দিন যা নির্ধারিত সীমার চেয়ে ২০ দিন কম ছিল। শাকিরার আইনজীবীরা আদালতে জানান যে ওই বছর তিনি বিশ্ব সফরে ব্যস্ত ছিলেন এবং ৩৭টি দেশে ১২০টি কনসার্টে অংশ নেওয়ার কারণে বছরের অর্ধেকের বেশি সময় স্পেনে থাকা তাঁর পক্ষে সম্ভব ছিল না। 

রায়ের পর শাকিরা ক্ষোভ প্রকাশ করে জানান যে দীর্ঘ আট বছর ধরে তাঁকে জনরোষ ও মানসিক চাপ সহ্য করতে হয়েছে এবং আদালতের সিদ্ধান্তে অবশেষে সত্য স্পষ্ট হয়েছে।তবে স্পেনের কর সংস্থা জানিয়েছে যে তারা এই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কোনো অর্থ ফেরত দেওয়া হবে না। মূল বাড়ি বাহামায় থাকা এই কলম্বিয়ান তারকা ২০১০ সালে স্পেনের ফুটবলার জেরার্দ পিকের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর দীর্ঘ সময় স্পেনে বসবাস করেছিলেন।

 পরবর্তীতে ২০২২ সালে তাঁদের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে এবং ২০২৩ সালের নভেম্বরে একটি সমঝোতা চুক্তির আওতায় শাকিরা ২০১২-১৪ সালের কর ফাঁকির ছয়টি অভিযোগ স্বীকার করে ৭ দশমিক ৩ মিলিয়ন ইউরো জরিমানা দিয়েছিলেন। সন্তানদের রক্ষা করতে ও ক্যারিয়ারে মন দিতেই সে সময় তিনি ওই সমঝোতা করেছিলেন বলে জানান।