বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

জীবন এত কঠিন হবে প্রত্যাশা করিনি: রিয়া

বিনোদন ডেস্ক

মে ২০, ২০২৬, ০২:৩৫ পিএম

জীবন এত কঠিন হবে প্রত্যাশা করিনি: রিয়া

বলিউড তারকার সংবাদ

বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর রিয়া চক্রবর্তীর ওপর দিয়ে নানা ঝড় বয়ে গেছে। আইনি জটিলতা, কড়া সমালোচনা আর মাদক মামলায় কারাবাসের মতো চরম কঠিন সময় পার করেছেন এই অভিনেত্রী। পরবর্তী সময়ে আদালত তাকে সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি দিলেও সেই ঝড় তার ভেতরের পৃথিবীকে ওলটপালট করে দিয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার আকস্মিক ঘোষণা দিয়েছেন তিনি।ভার্চুয়াল জগতের কৃত্রিমতা আর কোলাহল থেকে মুক্তি পেতেই তার এই সিদ্ধান্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্টে তিনি নিজের ভেতরের এই টানাপোড়েন বিস্তারিতভাবে প্রকাশ করেছেন। 

সেখানে তিনি জানান, অনবরত কোলাহল ও মোবাইল স্ক্রল করা তার জীবনে খুব কঠিন হয়ে উঠেছে। জীবন থেকে এমন পরিস্থিতি তিনি একদমই প্রত্যাশা করেননি। কোনো একটি মুহূর্তে জীবন্তভাবে বাঁচার অনুভূতি দিন দিন বিরল হয়ে উঠছে বলে তিনি মনে করেন।

নিজের মানসিক শান্তি ও বাস্তবতার কাছাকাছি ফিরতে তিনি ক্ষণিকের এই বিরতি চেয়েছেন।কিছু সময়ের জন্য থমকে গিয়ে তিনি একটু গভীর শ্বাস নিতে চান। আপাতত আর ক্যামেরাবন্দি মুহূর্তে মন না দিয়ে আশপাশে যা কিছু খাঁটি তার সঙ্গে নতুন করে যোগাযোগ তৈরি করবেন তিনি।

 

তবে অনুরাগীদের একেবারে নিরাশ না করে দ্রুতই আবার সবার মাঝে ফিরে আসার আশ্বাস দিয়েছেন এই তারকা। দীর্ঘ বিরতি কাটিয়ে ২০২৪ সালে ‘চ্যাপ্টার ২’ নামে নিজের একটি টক শো শুরু করেছিলেন রিয়া চক্রবর্তী। নতুন করে কাজের ছন্দে ফেরার মাঝেই নিজেকে খোঁজার এই যাত্রা শুরু করলেন তিনি।