সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

কলকাতায় হামলার গুঞ্জন উড়িয়ে দিলেন মোশাররফ করিমের স্ত্রী

বিনোদন ডেস্ক

জুন ১৬, ২০২৬, ০৪:০১ পিএম

কলকাতায় হামলার গুঞ্জন উড়িয়ে দিলেন মোশাররফ করিমের স্ত্রী

মোশাররফ করিম ও জুঁই

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁইয়ের ওপর হামলার খবরটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করা হয়েছে। বৃদ্ধির পাওয়া উত্তেজনার মধ্যে কলকাতার নিউ মার্কেট এলাকায় তাদের সঙ্গে এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জুঁই নিশ্চিত করেছেন। 

পুরো বিষয়টি স্রেফ গুজবের ওপর ভিত্তি করে ছড়ানো হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।হামলার এই খবরটি দ্রুত ছড়িয়ে পড়ায় অভিনেতার অগণিত ভক্তদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়।সম্প্রতি একজন সাংবাদিকের ব্যক্তিগত ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে এই আলোচনার সূত্রপাত হয়েছিল। 

ওই পোস্টে দাবি করা হয় যে কলকাতার নিউ মার্কেট এলাকার কস্তুরি হোটেলের সামনে মোশাররফ করিম ও তাঁর স্ত্রীকে ঘিরে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এমনকি সেখানে একপর্যায়ে হাতাহাতির মতো ঘটনাও ঘটেছিল বলে ওই পোস্টে উল্লেখ করা হয়েছিল। তবে বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় রোবেনা রেজা জুঁই স্পষ্টভাবে জানান যে সামাজিক মাধ্যমে প্রচারিত এই তথ্য মোটেও সত্য নয়।

ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হলেও এখন পর্যন্ত এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। অভিনেতার পরিবারের পক্ষ থেকে এই গুঞ্জন সরাসরি নাকচ করে দেওয়ায় পুরো বিষয়টি এখন সবার সামনে পরিষ্কার হয়েছে। তাঁরা বর্তমানে সুস্থ ও নিরাপদে আছেন বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।