সেপ্টেম্বর ৮, ২০২৬, ০৯:৩১ পিএম
জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে টানা আটটি একক ও ধারাবাহিক নাটকে একসঙ্গে অভিনয়ের কাজ শেষ করেছেন অভিনেতা এস এম আশরাফুল আলম সোহাগ। সম্প্রতি শ্রীমঙ্গলের বিভিন্ন নয়নাভিরাম লোকেশনে নাটকগুলোর দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। নাটকগুলোতে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট ও বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেছেন তাঁরা। শ্রীমঙ্গলে দীর্ঘ চিত্রায়ন পর্ব শেষ করে ঢাকায় ফিরেই নতুন কাজের ব্যস্ততায় ডুবেছেন এই অভিনেতা।
নির্মিত নাটকগুলোর মধ্যে নির্মাতা সম্রাট জাহাঙ্গীরের নির্দেশনায় রয়েছে দুটি নাটক। অন্যদিকে নির্মাতা তাইফুর জাহান আশিকের পরিচালনায় বাকি ছয়টি নাটকে মোশাররফ করিমের সঙ্গে পর্দা ভাগ করেছেন সোহাগ। ঢাকার কাজ শেষ করে বর্তমানে তিনি সুজিত বিশ্বাসের নতুন ধারাবাহিক নাটক ‘ভাইরাল পরিবার’-এর দৃশ্যধারণে অংশ নিচ্ছেন।
২০২১ সালে ‘উলট পালট’ নাটকে প্রথম মোশাররফ করিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে সোহাগ জানান, সহশিল্পীকে শিখিয়ে এবং সুযোগ দিয়ে কাজ করানোর ক্ষেত্রে তিনি অসাধারণ। সহশিল্পীর কাজের প্রশংসা করে অভিনেতা মোশাররফ করিম জানান, সোহাগ অভিনয়ে দিন দিন আরও বেশি মনোযোগী হয়ে উঠছেন। চমৎকার ও স্বতন্ত্র গল্পের এসব নাটক দর্শকদের দারুণ আনন্দ দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন