সেপ্টেম্বর ১১, ২০২৬, ১১:৩৫ এএম
যুক্তরাষ্ট্র ছেড়ে অন্য দেশে স্থায়ীভাবে পাড়ি জমানোর গুঞ্জন সত্যি করে লস অ্যাঞ্জেলেস ছাড়ার চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছেন জনপ্রিয় হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। সন্তানরা প্রাপ্তবয়স্ক হওয়ায় তিনি এখন যুক্তরাষ্ট্রের সীমানা পেরিয়ে সম্পূর্ণ নতুন এক জীবনযাপনের পথে পা বাড়িয়েছেন। ফ্যাশন ম্যাগাজিন ল’ অফিশিয়েলকে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে এই অস্কারজয়ী অভিনেত্রী জানিয়েছেন যে তিনি আপাতত এক ধরনের ‘যাযাবর’ জীবন বেছে নিতে চান।
কোথাও স্থায়ীভাবে থিতু হওয়ার পরিকল্পনা নেই অস্কারজয়ী এই অভিনেত্রীর। বিশ্বজুড়ে ঘুরে বেড়ানোর পরিকল্পনা তুলে ধরে জোলি বলেন, জীবনের একটি নির্দিষ্ট অধ্যায়ের সমাপ্তি ঘটতে চলেছে এবং কোথাও স্থায়ীভাবে থাকার কোনো বন্দোবস্ত এই মুহূর্তে তাঁর নেই। তবে নিজস্ব ফ্যাশন হাউসের আন্তর্জাতিক প্রচার এবং জাতিসংঘসহ নিজের অলাভজনক প্রতিষ্ঠান ম্যাডক্স ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম পরিচালনা করতে তিনি নিয়মিত বিভিন্ন দেশে ভ্রমণ করবেন। প্রথম কয়েক মাস কম্বোডিয়ায় কাটানোর পরিকল্পনা রয়েছে তাঁর।
চলতি বছরের মে মাসে ক্যালিফোর্নিয়ায় অবস্থিত তাঁর প্রায় ৩০ মিলিয়ন ডলারের ঐতিহাসিক বাড়িটি বিক্রির সিদ্ধান্ত নেন তিনি। সাবেক স্বামী ব্র্যাড পিটের সঙ্গে দীর্ঘ আইনি লড়াই ও বিচ্ছেদের চুক্তির শর্ত অনুযায়ী, সন্তানদের বয়স আঠারো বছর না হওয়া পর্যন্ত তাঁকে বাধ্যতামূলকভাবে লস অ্যাঞ্জেলেসে থাকতে হয়েছিল।
গত জুলাইয়ে যমজ সন্তান ভিভিয়েন ও নক্সের বয়স আঠারো পূর্ণ হওয়ায় সেই আইনি বাধ্যবাধকতাও আর কার্যকর নেই। দীর্ঘদিনের এই আইনি জটিলতা ও বাধ্যবাধকতার অবসান ঘটার পর জোলি এখন নিজের মতো করে স্বাধীনভাবে বিশ্বভ্রমণ ও সামাজিক কাজে সময় দেওয়ার সুযোগ পাচ্ছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন