সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৬:৪১ পিএম
তামিল সুপারস্টার ও নবগঠিত রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্ট্রি কাজাগম’ (টিভিকে)-এর প্রতিষ্ঠাতা থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে অন্তত ৪০ জন প্রাণ হারানোর ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনার দায় কার, এবং দলের প্রধান বিজয়কে গ্রেপ্তার করা হবে কি না—এ নিয়ে প্রশ্ন উঠেছে।
জানা গেছে, ঘটনার দায়েরকৃত মামলার এফআইআরে থালাপতি বিজয়ের নাম অন্তর্ভুক্ত হয়নি। বরং অভিযুক্ত করা হয়েছে দলটির দ্বিতীয় ও তৃতীয় সারির নেতাদের।অভিযুক্তরা: শনিবার রাতে টিভিকে-র করুর পশ্চিম জেলার সম্পাদক ভি পি মথিয়াঝাগনের বিরুদ্ধে মামলা হয়। পরে মামলায় যুক্ত করা হয় রাজ্য সাধারণ সম্পাদক এন আনন্দ এবং যুগ্ম সাধারণ সম্পাদক সিটিআর নির্মলকুমারের নাম।
অভিযোগ: তাদের বিরুদ্ধে অবহেলায় প্রাণহানি, জননিরাপত্তা বিপন্ন করা এবং সরকারি নির্দেশ অমান্য করাসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।ডিএমকে-এর কৌশল: রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শাসকদল ডিএমকে সতর্কতার সঙ্গে কৌশল অবলম্বন করছে।
বিজয়ের বিপুল জনপ্রিয়তা থাকায় তাকে সরাসরি গ্রেপ্তার করলে তা সাধারণ মানুষের সহানুভূতির ঢেউ তুলতে পারে, যা রাজনৈতিকভাবে ডিএমকে-এর জন্য উল্টো ফল বয়ে আনতে পারে। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং প্রমাণ পাওয়া গেলে অন্যদের নামও যুক্ত হতে পারে।
ঘটনার পরপরই বিজয় দ্রুত করুর ছেড়ে যান এবং রোববার এক বিবৃতিতে শোক প্রকাশ করেন। তিনি নিহত প্রত্যেক পরিবারের জন্য ২০ লাখ রুপি এবং আহতদের জন্য ২ লাখ রুপি আর্থিক সহায়তা ঘোষণা করেন। তবে ঘটনাস্থলে ফিরে না যাওয়া এবং ভুক্তভোগীদের সঙ্গে দেখা না করায় তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে।
অন্যদিকে, তামিলনাড়ু সরকার ইতোমধ্যে অবসরপ্রাপ্ত হাইকোর্ট বিচারপতি অরুণা জগদেসানকে প্রধান করে একক সদস্যবিশিষ্ট তদন্ত কমিশন গঠন করেছে এবং মুখ্যমন্ত্রী এমকে স্টালিন কমিশনকে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
টিভিকে নেতারা সিবিআই বা বিশেষ তদন্ত টিম গঠনের দাবি তুলেছেন। অন্যদিকে, এই ঘটনার প্রেক্ষিতে সোমবার মাদ্রাজ হাইকোর্টে স্বপ্রণোদিত শুনানি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।বিভিন্ন দলের নেতারা ঘটনাটিকে হৃদয়বিদারক হিসেবে আখ্যা দিয়েছেন।
বিদুতলাই চিরুথাইগাল কাচ্চির নেতা থোল থিরুমাভালাভান বলেছেন, "মানুষ রাজনীতিককে নয়, চলচ্চিত্র তারকাকে দেখতে ভিড় করেছিল। সিনেমার প্রতি এই অন্ধ মোহ এখন বেদনাদায়ক।"সব মিলিয়ে, ডিএমকে সরকার আপাতত সরাসরি থালাপতি বিজয়কে আঘাত না করে তদন্ত কমিশন ও আদালতের ওপর ভরসা রাখছে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন