সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৬:১৪ পিএম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হতে যাচ্ছে বিশেষ নাটক ‘রাধিকা’। আগামী বৃহস্পতিবার রাত ১০:৩০ মিনিটে নাটকটি দেখা যাবে। আমানুল হক হেলালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ফরহাদ আলম। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মিহি আহসান, রানা চৌধুরী, জয়রাজসহ আরও অনেকে।
নাটকের গল্পে দেখা যায়, দরিদ্র ঘরের মেয়ে রাধিকা দেখতে মিষ্টি হলেও স্বভাব কঠিন। গ্রামে ঘুরে ঘুরে সে লাউ, শশা, কুমড়ো—যখন যেটা পাওয়া যায়, তা বাজারে এনে বিক্রি করে। দেখতে সুন্দর হওয়ায় অনেকে তার দিকে দৃষ্টি দেয় এবং সবজির দরদামের ছলে কথা বলার চেষ্টা করে।
কিন্তু তার কঠিন মেজাজের কারণে ভয়ে সবাই দূরে সরে যায়। গরীব হলেও তার চোখের চাহনিতে যেন এক আগুন ঝরে পড়ে। সে সহজে কাউকে বিশ্বাস করে না।
প্রতিদিন রাধিকা বাজারে এটা সেটা বিক্রি করে যা পায়, তা দিয়ে চাল ডাল কিনে বাড়ি ফেরে। ঘরে বৃদ্ধ বাবা ছাড়া আর কেউ নেই। বাবা বয়সের ভারে ক্লান্ত, কর্মহীন। তাই মেয়েকেই উপার্জন করে সংসার চালাতে হয়।
রাধিকার প্রেমে পড়ে জেলে পরিবারের ছেলে মাধব। সে বাজারে এসে দূর থেকে তাকিয়ে থাকে, কিন্তু সামনে গিয়ে রাধিকার সঙ্গে কথা বলার সাহস পায় না। মাধবের এই আচরণ রাধিকার নজরে আসে। অন্যদের চেয়ে মাধবকে তার একটু আলাদা মনে হয়। তাই সে নিজে থেকেই মাধবকে কিছুটা প্রশ্রয় দেয়।
সরাসরি না বললেও মাধব তার আচার আচরণে রাধিকাকে বুঝিয়ে দেয় যে সে তাকে ভালোবাসে। একপর্যায়ে রাধিকাও মাধবের প্রতি দুর্বল হয়ে পড়ে। দুজনের মধ্যে ভাবের আদান-প্রদান শুরু হয় এবং তারা ঘর বাঁধার স্বপ্ন দেখতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত এক ঝড় এসে সেই স্বপ্ন কেড়ে নেয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন