অক্টোবর ৫, ২০২৫, ০৪:৪৯ পিএম
শাহরুখপুত্র আরিয়ান খান এবং ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের মধ্যকার দ্বন্দ্ব যেন শেষ হয়েও হচ্ছে না। আরিয়ানের পরিচালিত ওয়েব সিরিজে তাকে খোঁচা দেওয়ার অভিযোগের পর এবার পাল্টা মুখ খুললেন সমীর। সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, ২০২১ সালের আলোচিত মাদককাণ্ডে আরিয়ান খানকে ‘বলির পাঁঠা’ করা হয়নি।
সমীর ওয়াংখেড়ে বলেন, মাদক না পাওয়া গেলেই কেউ নিরাপরাধ হয়ে যায় না। কারও কাছে মাদক পাওয়া গেলে সেটার উৎস কোথায়, কারা বিক্রি করছে, এই পুরো চক্রটাকেই ধরতে হয়। পুরোটাই তদন্তের অংশ। আইন মেনেই সেই মামলায় সবকিছু করা হয়েছিল। তাই কাউকেই বলির পাঁঠা করার প্রশ্নই ওঠে না।
এই বিতর্কের সূত্রপাত হয় গত মাসে নেটফ্লিক্সে আরিয়ান খান পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ মুক্তির পর। সিরিজের একটি চরিত্রের মাধ্যমে সমীর ওয়াংখেড়েকে ব্যঙ্গ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এর জেরে আরিয়ান ও শাহরুখের বিরুদ্ধে দুই কোটি রুপির মানহানির মামলাও করেছিলেন সমীর, যদিও দিল্লি হাইকোর্ট সেই মামলা খারিজ করে দেয়।
উল্লেখ্য, ২০২১ সালে একটি প্রমোদতরী থেকে আরিয়ান খানকে মাদককাণ্ডে গ্রেপ্তার করেছিলেন সমীর ওয়াংখেড়ে। যদিও আরিয়ানের কাছে কোনো মাদক পাওয়া যায়নি। দীর্ঘ আইনি লড়াইয়ের পর নির্দোষ প্রমাণিত হন আরিয়ান। এই ঘটনার পর এবারই প্রথম বিষয়টি নিয়ে সরাসরি মন্তব্য করলেন সমীর।
এদিকে, আরিয়ান খান তার পরিচালিত সিরিজের একটি সংলাপকে নিজের জীবনের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন। সংলাপটি হলো, “যে হেরে যায় আর যে হার মেনে নেয়, তাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।” এই কথাই তাকে জীবনের কঠিন সময়ে এগিয়ে যেতে উৎসাহ দেয় বলে জানিয়েছেন তিনি।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন