রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বাপ্পারাজের রহস্যময় পোস্টে চিন্তিত ভক্ত ও সহকর্মীরা

বিনোদন ডেস্ক

অক্টোবর ১৩, ২০২৫, ১২:০৩ পিএম

বাপ্পারাজের রহস্যময় পোস্টে চিন্তিত ভক্ত ও সহকর্মীরা

ছবি - সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজের একটি ফেসবুক পোস্ট ঘিরে তার ভক্ত ও অনুরাগীদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। রোববার (১২ অক্টোবর) রাতে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের একটি বিষণ্ণ ছবি পোস্ট করে ক্যাপশনে মাত্র এক শব্দে লেখেন— “বিদায়”।ছবিটিতে অভিনেতাকে কালো চশমা পরা অবস্থায় দেখা যায়, তার কপালে চিন্তার ভাঁজ এবং দৃষ্টি সুদূরে নিবদ্ধ। তার এই রহস্যময় পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং কমেন্ট বক্সে অগণিত ভক্ত তাদের উদ্বেগ প্রকাশ করতে শুরু করেন।

এক ভক্ত মন্তব্য করেন, “কী হয়েছে নায়ক? হঠাৎ এমন বিদায়ের কথা কেন?” আরেকজন লেখেন, “ভাইয়া, আপনি আমাদের চলচ্চিত্রের ‘ট্র্যাজেডি কিং’ এবং নায়করাজের বড় ছেলে। আপনার কাছ থেকে ‘বিদায়’ শব্দটি শুনতে চাই না।” অনেকেই তাকে ফোন করে বা মেসেজ দিয়ে তার শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ নেওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে, তবে বাপ্পারাজ এখন পর্যন্ত কারও কোনো মন্তব্যের উত্তর দেননি বা পোস্টটি নিয়ে কোনো ব্যাখ্যা দেননি।

উল্লেখ্য, ১৯৮৬ সালে বাবা, নায়করাজ রাজ্জাকের পরিচালনায় ‘চাঁপাডাঙার বউ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন বাপ্পারাজ। ক্যারিয়ারের বেশিরভাগ সময় ত্রিভুজ প্রেমের গল্পে আত্মত্যাগী প্রেমিকের চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের কাছে ‘ট্র্যাজেডি হিরো’ হিসেবে বিপুল জনপ্রিয়তা লাভ করেন। তার এমন রহস্যময় পোস্টে তাই স্বাভাবিকভাবেই চিন্তিত হয়ে পড়েছেন ভক্তরা।