অক্টোবর ১৪, ২০২৫, ০৯:৫১ এএম
বিগ বস’-এর ঘর থেকে শুরু হওয়া সালমান খান ও এলি আভরামের রসায়ন নিয়ে বলিউডে গুঞ্জনের শেষ নেই। যদিও সময়ের সঙ্গে সঙ্গে সেই আলোচনা অনেকটাই থেমে গিয়েছিল, সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে আবারও আলোচনার ঝড় তুলেছেন অভিনেত্রী এলি আভরাম। তিনি বলেছেন, সালমান খান তার জীবনে একজন ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল’ বা অভিভাবক দেবদূতের মতো।
ভারতীয় গণমাধ্যমকে দেওয়া ওই সাক্ষাৎকারে এলি বলেন, “আমি সালমানের সঙ্গে যোগাযোগ রাখি। তবে আমি খুব একটা সামাজিক নই, নিজের জগতেই ডুবে থাকি। পরিবার ছেড়ে সম্পূর্ণ ভিন্ন একটি দেশে একা থাকাটা বেশ কঠিন। কিন্তু সালমান খান তার কাছের মানুষদের খুব আগলে রাখেন। তার এই বিষয়টি আমার হৃদয় ছুঁয়ে গেছে। আমি সত্যিই অনুভব করি, আমার জীবনে তিনি একজন গার্ডিয়ান অ্যাঞ্জেল।”
উল্লেখ্য, সুইডেনে জন্ম ও বেড়ে ওঠা এলি আভরাম ২০১২ সালে অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে ভারতে আসেন। ২০১৩ সালে ‘মিকি ভাইরাস’ সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক হয়। তবে তিনি সবচেয়ে বেশি আলোচনায় আসেন জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ৭’-এ প্রতিযোগী হিসেবে অংশ নেওয়ার পর। সেই শো-এর সঞ্চালক ছিলেন সালমান খান এবং তখন থেকেই তাদের মধ্যে একটি বিশেষ সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়।
যদিও এলি বলিউডে এখনও আশানুরূপ সাফল্য পাননি, তবে সালমানের প্রতি তার এই কৃতজ্ঞতা ও শ্রদ্ধার প্রকাশ আবারও তাদের সম্পর্ককে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন