অক্টোবর ১৫, ২০২৫, ১২:২৯ পিএম
জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে বাবা-মায়ের ভরণপোষণ না দেওয়া এবং তাদের পরিচয় দিতে লজ্জা পাওয়ার অভিযোগ ওঠার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। এই বিতর্কের মধ্যেই এবার নতুন একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে রিপন মিয়াকে তার মায়ের সঙ্গে আবেগঘন এক মুহূর্তে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে।
এর আগে, মঙ্গলবার (১৪ অক্টোবর) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুসন্ধানী প্রতিবেদনে রিপন মিয়ার মা অভিযোগ করেন, জনপ্রিয়তা পাওয়ার পর রিপন তাদের ছেড়ে আলাদা বাড়িতে থাকছেন এবং গরিব হওয়ায় তাদের পরিচয় দেন না ও ভরণপোষণ করেন না। এই সংবাদ প্রকাশের পরপরই রিপন মিয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় ওঠে।
সেই সমালোচনার জবাবেই আজ বুধবার সকালে নতুন ভিডিওটি সামনে আসে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রিপন মিয়া তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে আঞ্চলিক ভাষায় বলছেন, “তোমারে দেহি না আমি? আব্বারে দেহি না আমি? তুমি ইড্ডা কী করলা? আমার জীবনডা শেষ করলা!” (আমি কি তোমাকে দেখি না? বাবাকে দেখি না? তুমি এটা কী করলে? আমার জীবনটা শেষ করে দিলে!) এ সময় তার মা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন।
এই ভিডিওটি প্রকাশের পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই রিপনের প্রতি সহানুভূতি প্রকাশ করে বলছেন, এটি মিডিয়া কর্তৃক সৃষ্ট একটি পারিবারিক ভুল বোঝাবুঝি। আবার অনেকেই এটিকে ‘ড্যামেজ কন্ট্রোল’ বা ভাবমূর্তি রক্ষার প্রচেষ্টা হিসেবে দেখছেন।
উল্লেখ্য, নেত্রকোনার একজন সাধারণ কাঠমিস্ত্রি থেকে নিজ গুণে দেশের অন্যতম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরে পরিণত হয়েছেন রিপন মিয়া, যিনি ‘রিপন ভিডিও’ নামে অধিক পরিচিত।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন