অক্টোবর ১৮, ২০২৫, ০৭:৩৫ পিএম
তারকাদের দ্যুতিছড়ানো, মনোজ্ঞ পরিবেশনা আর করতালির মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো সংস্কৃতি সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) অ্যাওয়ার্ডের আসর। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক জমকালো আয়োজনে চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত ও ওটিটি মাধ্যমের সেরাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এনাম সরকার। আয়োজনের শুরুতেই জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীনকে সংগীতে বিশেষ অবদানের জন্য ‘স্পেশাল অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।এবারের আসরে চলচ্চিত্র বিভাগে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারে ভূষিত হয়েছেন সুপারস্টার শাকিব খান। শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মাসুমা রহমান নাবিলা এবং সেরা অভিনেত্রী (ক্রিটিকস) অ্যাওয়ার্ড পেয়েছেন জয়া আহসান।
সংগীত বিভাগে সেরা গায়িকা হিসেবে সম্মাননা পান সোমনুর মনির কোনাল এবং সেরা গায়ক হয়েছেন ইমরান মাহমুদুল। সেরা সংগীত পরিচালক হিসেবে প্রিন্স মাহমুদ এবং সেরা গীতিকার হিসেবে আসিফ ইকবাল পুরস্কার গ্রহণ করেন।টেলিভিশন বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন তানজিন তিশা এবং সেরা অভিনেতা হয়েছেন জিয়াউল হক পলাশ। ওটিটি বিভাগে পরীমণি, তাসনিয়া ফারিন, সাবিলা নূর, এফএস নাঈম, আবদুন নূর সজল এবং কাজল আরেফিন অমি বিভিন্ন ক্যাটাগরিতে সেরা হিসেবে পুরস্কৃত হন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন