রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

৪ দিনে কত আয় করেছে রাশমিকার সিনেমা?

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৫, ২০২৫, ০৪:১৩ পিএম

৪ দিনে কত আয় করেছে রাশমিকার সিনেমা?

ছবি - সংগৃহীত

দীপাবলি উপলক্ষে ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত হরর-কমেডি সিনেমা ‘থামা’। ম্যাড্ডক ফিল্মসের জনপ্রিয় হরর-কমেডি ইউনিভার্সের নতুন এই ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা। ঘোষণার পর থেকেই সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল। মুক্তির পর প্রথম চার দিনে বক্স অফিসে ভালো সাড়াও ফেলেছে ছবিটি।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ‘থামা’ মুক্তির প্রথম চার দিনে সব মিলিয়ে ৬৫ কোটি রুপিরও বেশি আয় করেছে। সিনেমাটির শুরুটা ছিল দুর্দান্ত। মুক্তির প্রথম দিনেই এটি ২৫ কোটি রুপি আয় করে বক্স অফিসে শক্তিশালী অবস্থান জানান দেয়। ভূত-কমেডির এই মিশেল দর্শকরা ভালোভাবে গ্রহণ করেছেন বলেই প্রাথমিক এই আয়ের চিত্রে বোঝা গিয়েছিল।

তবে চার দিনের মাথায় এসে সিনেমাটির আয়ের গতি কিছুটা শ্লথ হয়ে গেছে, যা নির্মাতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে। প্রথম দিনের ২৫ কোটি রুপির তুলনায়, চতুর্থ দিনে ছবিটির আয় নেমে এসেছে ৯ দশমিক ৫৫ কোটি রুপিতে। ম্যাড্ডকের হরর-কমেডি ইউনিভার্সের আগের প্রায় সব ছবিই বক্স অফিসে হিট বা সুপারহিট তকমা পেয়েছে। সেই তুলনায় ‘থামা’র চতুর্থ দিনের এই আয়কে অনেকেই আশঙ্কাজনক হিসেবে দেখছেন।

বিশেষ করে সিনেমাটির বিশাল নির্মাণ ব্যয়ের কারণে এই পতন ভাবনার বিষয়। প্রায় ১৪৫ কোটি রুপি বাজেটে ‘থামা’ নির্মাণ করেছেন ‘সিতা রামাম’ খ্যাত পরিচালক আদিত্য সরপোতদার। বর্তমানে সিনেমাটির ইন্টারনেট মুভি ডেটাবেজ বা আইএমডিবি রেটিং দাঁড়িয়েছে ৬ দশমিক ৫। প্রথম সপ্তাহান্তের পর সিনেমাটি বক্স অফিসে ঘুরে দাঁড়াতে পারে কি না এবং শেষ পর্যন্ত হিট তকমা পায় কি না, এখন সেটাই দেখার বিষয়।