রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন আঁখি আলমগীর, চাইলেন মুক্তি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩১, ২০২৫, ০৬:২২ পিএম

ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন আঁখি আলমগীর, চাইলেন মুক্তি

জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর সম্প্রতি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি রহস্যময় পোস্ট দিয়েছেন, যা নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মাসখানেক আগে ‘প্রেম ব্যাপারী’ শিরোনামে তার নতুন দ্বৈত গান মুক্তি পেয়েছে এবং বর্তমানে তিনি দেশ-বিদেশে স্টেজ শো নিয়েও বেশ ব্যস্ত সময় পার করছেন। এই কর্মব্যস্ততার মাঝেই এই গায়িকা জানালেন, তিনি খুব "রাগ এবং বিরক্ত" অবস্থায় আছেন।

আঁখি আলমগীর তার পোস্টে আশপাশের কিছু মানুষের আচরণকে 'নাটক' ও 'ভণ্ডামি' বলে অভিহিত করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, ‘আমি খুব রাগ এবং বিরক্ত। রাগ; কারণ, আশপাশের কিছু মানুষের নাটক আর অভিনয় দেখে ক্লান্ত। কী সুন্দর সবাইকে বোকা ভেবে, অতিরিক্ত আত্মবিশ্বাসে অন্ধ হয়ে তারা কত গল্প ফাঁদে, নাটক করে, অভিনয় করে...মুক্তি চাই ভণ্ডামি থেকে।’ তিনি আরও লেখেন, ‘মুক্তি চাই এই স্মেল থেকে। একটা নীরব, স্বাধীন, শান্তিপূর্ণ জীবন চাই এখন।’

শুধু অন্যদের ওপরই নয়, আঁখি আলমগীর নিজের প্রতিও বিরক্তি প্রকাশ করেছেন। তিনি মনে করেন, বয়স ও অভিজ্ঞতার কারণে তিনি এখন মানুষের ভেতরের রূপ সহজেই ধরে ফেলতে পারেন, যা তাকে আরও বেশি ক্লান্ত করে তুলছে। তিনি লেখেন, ‘বিরক্ত নিজের ওপর। এত কিছু তো না বুঝলেও হতো। আগে তো শুনে, দেখে সব বুঝে যেতাম। বয়স আর অভিজ্ঞতার কারণে ইদানীং রাগ, হিংসা বা মিথ্যা—এগুলো স্মেল করতে পারি, অনুভব করতে পারি।’

তবে এই ফেসবুক পোস্টটি তিনি ঠিক কাদের উদ্দেশে লিখেছেন, সে ব্যাপারে কিছুই স্পষ্ট করেননি। পোস্টের শেষে তিনি একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য যোগ করেন, ‘বিশ্বাস করো, তোমার কল্পনার চেয়েও বেশি পাওয়ার যোগ্য আমি।’ ভক্ত ও অনুরাগীরা ধারণা করছেন, এই পোস্টের মাধ্যমে আঁখি আলমগীর তার মানসিক ক্লান্তি এবং কর্মজীবনের আশপাশের মানুষদের কোনো ভণ্ডামির প্রতি জমে থাকা ক্ষোভ প্রকাশ করেছেন।