সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

প্রচারে এলো পুরান ঢাকার গল্পে নতুন ধারাবাহিক ‘মহল্লা’

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২, ২০২৫, ০৬:০৩ পিএম

প্রচারে এলো পুরান ঢাকার গল্পে নতুন ধারাবাহিক ‘মহল্লা’

পুরান ঢাকার ঐতিহ্য, সেখানকার স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন কর্মসূত্রে সেখানে বসবাস করতে আসা বহিরাগতদের নিয়ে তৈরি হওয়া নানা জটিলতা, সংঘাত ও মানবিক সম্পর্কের গল্প নিয়ে প্রচারে এলো নতুন দীর্ঘ ধারাবাহিক নাটক ‘মহল্লা’। সময়ের সঙ্গে পুরান ঢাকার বাহ্যিক আবরণের পরিবর্তন হলেও এর বাসিন্দাদের ঐতিহ্য যে এখনো বহমান, সেই চিত্রই তুলে আনছেন নাট্যনির্মাতা ফরিদুল হাসান।

বিদ্যুৎ রায়ের রচনায় নির্মিত এই ধারাবাহিকটি প্রতি শনি, রবি ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে বৈশাখী টেলিভিশনে প্রচার হবে।নাটকটি প্রসঙ্গে নির্মাতা ফরিদুল হাসান বলেন, ‘এটি একটি মহল্লার ভালো ও মন্দের গল্প। ব্যস্ত এই রাজধানীতে আমাদের দৈনন্দিন জীবনে মহল্লার ভেতরে সমসাময়িক যেসব ঘটনা ঘটে, পরিচালক হিসেবে আমি তা হাস্যরসের মাধ্যমে পর্দায় তুলে ধরার চেষ্টা করেছি।

গল্পে দেখা যাবে, বিভিন্ন অঞ্চলের মানুষ এসে পুরান ঢাকায় বসবাস শুরু করে। তা নিয়ে স্থানীয়দের সঙ্গে তৈরি হয় নানা জটিলতা। তবে সেই জটিলতা কাটিয়েই একসময় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়। সময়ের পালাবদলে আজ যে শত্রু, সে আগামীকাল বন্ধুতে পরিণত হয়, আবার যে বন্ধু ছিল সে-ই হয়ে যায় শত্রু। এতকিছুর পরেও পুরান ঢাকার এই মহল্লাটি স্বমহিমায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, যেখানে লোভ, ক্ষমতার অপব্যবহার বা বিদ্বেষের নয়, দিনশেষে মানবতারই জয় হয়।

ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন যাহের আলভী, ইফফাত আরা তিথি, আবদুল্লাহ রানা, রকি খান, মাসুদ মহিউদ্দিন, রেশমি আহমেদ, সহীদ উন নবী, তন্ময় সোহেল, সিয়াম মৃধা, সিয়াম নাসির, আশরাফুল আলম সোহাগ, তানভীর রাহী, ইফতি, সাবা সুস্মিতা, অনন্যা ইসলাম, ইমরান হোসেন আজান, ওয়াহিদ ইকবাল মার্শাল, সাইকা আহমেদ, পলিন, উপমা আহমেদ, আঞ্জুমান মেহেজাবীন, জাবেদ গাজী, আয়েশা নাফিসা, অনুভব মাহবুব প্রমুখ।

নাটকটিতে ‘তানপুরা’ শিরোনামের একটি বিশেষ আইটেম গানও রয়েছে। বিদ্যুৎ রায়ের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন এবং কণ্ঠ দিয়েছেন শিল্পী মুহিন। মাইকেল বাবুর কোরিওগ্রাফিতে আইটেম গানটিতে পারফর্ম করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা আইরিন সুলতানা।